লাউয়াছড়ায় ফিরে গেল ১৩ প্রাণী
মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যানে ১৩টি বন্যপ্রাণী অবমুক্ত করা হয়েছে।
বুধবার বিকালে শ্রীমঙ্গলের বেসরকারি সংস্থা ‘বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের উদ্যোগে প্রাণীগুলোকে আনুষ্ঠানিকভাবে বনে অবমুক্ত করা হয়।
প্রাণীগুলোর মধ্যে রয়েছে একটি অজগর সাপ, একটি মেছো বাঘ, দুটি গন্ধ গোকুল, একটি বানর, একটি সাদা বক, পাঁচটি পরিযায়ী পাখি ও তিনটি কচ্ছপ।
বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান বন্যপ্রাণী সংরক্ষণ ও পরিবেশবিদ সীতেশ রঞ্জন দেব জানান, জেলার বিভিন্ন স্থান থেকে প্রাণীগুলো গত একমাসে বনাঞ্চল থেকে খাবারের সন্ধানে লোকালয়ে এসে মানুষের হাতে ধরা পড়ে।
এদের বেশ কয়েকটি মারপিটে আহত হয় বলেও জানান তিনি।
পরিবেশবিদ সীতেশ রঞ্জন জানান, প্রাণীগুলোকে তিনি উদ্ধার করে সেবাশ্রমে রেখে প্রয়োজনীয় চিকিৎসা ও সেবা দিয়ে স্বাভাবিক করে তুলেন।
পরিবেশের ভারসাম্য ও জীব বৈচিত্র্য রক্ষায় ভবিষ্যতেও সংস্থার পক্ষ থেকে এ ধরনের উদ্যোগ ও প্রচেষ্টা চালু থাকবে বলে জানান তিনি।
ন্যাশনাল ডিফেন্স কলেজের সিনিওর ডাইরেক্টিং স্টাফ মেজর জেনারেল মাসুদ রাজ্জাক, বিজিবি শ্রীমঙ্গল সেক্টরের অধিনায়ক কর্ণেল আবু সালেহ মো. গোলাম আম্বিয়া প্রমুখ প্রাণীগুলোকে অবমুক্ত করার সময় উপস্থিত ছিলেন।
ডিফেন্স কলেজের ‘ডিফেন্স কোর্স ২০১৪’-এর ৩২ সদস্যের প্রতিনিধি দল সিলেট বিভাগের বিভিন্ন দর্শনীয় স্থান সফর করে।
এ দলের সদস্য ফরহাদ জানান, এরই অংশ হিসাবে তারা লাউয়াছড়া জাতীয় উদ্যান, শ্রীমঙ্গলের বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট ও বিভিন্ন চা বাগান পরিদর্শন করেন।
