ফেনীর ফুলগাজীতে সংঘর্ষ, আহত ১৪
উপজেলা নির্বাচনের প্রচারণাকে কেন্দ্র করে ফেনীর ফুলগাজীতে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিত প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন।
বুধবার দুপুরে উপজেলার আনন্দপুর ইউনিয়নের মাইজ গ্রামে এ সংঘর্ষ হয় বলে পুলিশ জানিয়েছে।
পরে ফুলগাজী, পরশুরাম ও ফেনী থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানান ফেনীর সহকারী পুলিশ সুপার (এএসপি-সার্কেল) শামছুল আলম সরকার।
ঘটনার পরপরই শামছুল আলমসহ পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে কাউকে গ্রেপ্তার কো যায়নি।
সংঘর্ষের জন্য আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান একরামুল হক একরাম বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মাহাতাব উদ্দিন চৌধুরী মিনারকে দায়ী করেছেন।
তবে মাহাতাবের দাবি, বহিরাগত সন্ত্রাসীরা তার বাড়িতে হামলা করার জন্য গেলে গ্রামবাসী তাদের ধাওয়া করেছে।
ফুলগাজী থানার ওসি আহম্মেদ নাসির উদ্দিন মোহাম্মদ জানান, দুপুর ২টার দিকে চট্টগ্রামের মীরসরাই ও জোরালগঞ্জ এলাকার ১২-১৩ জন ‘বহিরাগত সন্ত্রাসী’ একটি মাইক্রোবাস নিয়ে আনন্দপুর যায়।
এ সময় বিএনপি সমর্থকরা তাদের আটক করলে তারা সবাই আওয়ামী লীগ সমর্থিত বর্তমান চেয়ারম্যান একরামুল হক একরামের নির্বাচনী প্রচারণায় ফুলগাজী এসেছে বলে জানায়।
নাসির উদ্দিন আরো জানান, বিএনপির সমর্থকরা বহিরাগতদের মারধর করলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
এক পর্যায়ে বিএনপির সমর্থকরা আওয়ামী লীগ সমর্থিতদের ব্যবহৃত মাইক্রোবাস এবং দুটি মোটরসাইকেল পুড়িয়ে দেয়।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি জানান, উভয় পক্ষের মধ্যে দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষে অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণ হয়েছে।
আহতদের মধ্যে ফেনী সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন চট্রগ্রাম জেলার মীরসরাই উপজেলার জানে আলম (১৮), ফারুক (১৮), ফিরোজ (১৮), আরিফ (১৮), রাজু (২০), জোরালগঞ্জ এলাকার হেদায়েত হোসেন (২০), মাইক্রোবাস চালক আরিফ (১৮), ফেনীর ছাগলনাইয়া উপজেলার আলমগীর (১৯), আরিফ (১৮), হোসেন (২০) এবং শামু (১৮)।
মাহাতাব উদ্দিন চৌধুরী দাবি করেন, এ ঘটনায় তার দলের মোস্তফা, সালেহ আহম্মদ, মজনু নামের তিন গ্রামবাসী আহত হয়েছেন।
