রূপগঞ্জে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে দুজন নিহত
নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি রি-রোলিং মিলে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ হয়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। আহত হন অন্তত ১০ জন।
পুলিশ ও কারখানা কর্তৃপক্ষ জানায়, বুধবার বিকাল ৪টার দিকে বরপা এলাকায় আহম্মদ রি-রোলিং মিলের ভেতর এ কে অক্সিজেন নামের কারখানায় এই বিস্ফোরণ ঘটে। এতে ওই কারখানার টিনের চাল উড়ে গেছে।
নিহতরা হলেন আবু জাফর (২২) ও রাজ্জাক (২৩)। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে আহতদের নাম জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, কারখানায় আকস্মিকভাবে বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে ওই কারখানার টিনের চালা ছিন্নভিন্ন হয়ে উড়ে প্রায় দেড়শ ফুট দূরে গিয়ে পড়ে।
এ সময় কারখানায় ২০ জন শ্রমিক কাজ করছিলেন। এদের মধ্যে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। হতাহতদের শরীরের বিভিন্ন অংশ ছিন্নবিন্ন হয়ে পড়ে থাকে।
এলাকার লোকজন গিয়ে উদ্ধার করে আহতদের হাসপাতালে পাঠায়।
এ কে অক্সিজেন লিমিটেড ব্যবস্থাপক(প্রশাসন) দীনবন্ধু মন্ডল জানান, “কী কারণে বিস্ফোরণ হয়েছে তা আমরা নিশ্চিত নই। বিকেলে শ্রমিকরা কাজ করা অবস্থায় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এরপরই নিহত ও আহত শ্রমিকদের দেখতে পাই।”
এ কে অক্সিজেন লিমিটেড আহম্মদ রি-রোলিং মিলের একটি অঙ্গ প্রতিষ্ঠান। এর মালিক আবুল কাশেম মজুমদার বলে জানান তিনি।
রূপগঞ্জ থানার ওসি আসাদুজ্জামান জানান, রি-রোলি মিল এবং অক্সিজেনের সিলিলন্ডার কারখানায় সিলিন্ডার বা অন্য কোনো পদার্থের কারণে বিস্ফোরণ হয়ে থাকতে পারে। ঘটনার পরই ফায়ার সার্ভিস এসে উদ্ধার কাজ শুরু করেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কাজ করছে পুলিশ।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক শিমুল বিশ্বাস জানান, ঘটনার পরপরই দমকল কর্মীরা ঘটনাস্থলে আছেন। আহত ও নিহতদের উদ্ধার করে মিলের বাইরে নেয়া হয়। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।
“কিন্তু ধ্বংসস্তূপের ভেতরে অনেক দাহ্য পদার্থ দেখা যাচ্ছে। এই দাহ্য পদার্থ থেকে আবারো বিস্ফোরণের সম্ভাবনা রয়েছে। এ কারণে আমরা আমাদের বিশেষজ্ঞ দলকে খবর দেয়া হয়েছে।”
রাত সাড়ে ৯টায় নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মো. মমতাজউদ্দিন বলেন,“ফায়ার সার্ভিসের বিশেষ দল রাত ৮টা থেকে ঘটনাস্থলে অনুসন্ধান চালিয়ে আর কোনো মৃতদেহ পায়নি। উদ্ধারকাজ শেষ হয়েছে।”
