চট্টগ্রামে ট্রেনের ধাক্কায় শ্রমিক নিহতের ঘটনায় মামলা
চট্টগ্রামে ট্রেনের সঙ্গে মিনিবাসের ধাক্কায় চার শ্রমিক নিহত হওয়ার ঘটনায় মামলা করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।
বুধবার দুপুরে চট্টগ্রাম রেলওয়ে থানায় রেলওয়ের জ্যেষ্ঠ উপ-সহকারী প্রকৌশলী (এসএসএই-সিভিল) আওলাদ হোসেন রেলের ক্ষতিসাধন ও মটরযান আইনে মামলাটি করেন।
চট্টগ্রাম রেলওয়ে থানার এসআই নুরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুরে করা এ মামলায় মিনিবাসের চালক দিদারুল আলমকে (৩২) আসামি করা হয়েছে।
মঙ্গলবার সকালে নগরীর বাহির সিগন্যাল রেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় পোশাক শ্রমিকদের বহনকারী একটি মিনিবাসের চার আরোহী নিহত হয়।
এসময় বাস চালক দিদারুল আলম পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে আটক করে পুলিশের হাতে সোপার্দ করে জনতা।
