চালককে মারধর, রাজশাহী-দিনাজপুর ট্রেন আড়াইঘণ্টা বন্ধ
‘চোরাকারবারিদের’ হাতে ট্রেনের চালক লাঞ্ছিত হওয়ার পর রাজশাহী-দিনাজপুর রুটে আড়াইঘন্টা ট্রেন চলাচল বন্ধ ছিল।
রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, বুধবার সকাল ৮টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত এই রুটে ট্রেন চলাচল বন্ধ থাকে।
জয়পুরহাট স্টেশন মাস্টার নুরুল ইসলাম বলেন, দিনাজপুরের পার্বতীপুর থেকে ছেড়ে আসা রাজশাহীগামী উত্তরা এক্সপ্রেস ট্রেনে বিরামপুর স্টেশন থেকে কয়েকজন চোরাকারবারি ওঠে। তারা চালককে হিলি স্টেশনে ট্রেন থামাতে বলে। কিন্তু হিলিতে যাত্রা বিরতি না থাকায় চালক ট্রেন না থামালে তারা হোসপাইপ খুলে দেয়।
এতে ট্রেনটি হিলি স্টেশন থেকে প্রায় পঁচশ গজ দূরে থেমে যায় এবং ৪/৫ জন চোরাকারবারি লোহার রড ও চাকু নিয়ে চালক মোজাম্মেল হোসেনকে এলোপাথাড়ি পিটিয়ে আহত করে। স্থানীয়রা তাকে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি বলেন, পরে ট্রেনটি জয়পুরহাট স্টেশনে এসে থেমে থামে। এ সময় ওই রুটের সকল ট্রেন দুইঘণ্টা বন্ধ থাকার পর চলাচল শুরু হয়েছে। আর অন্য চালক উত্তরা এক্সপ্রেস ট্রেনকে গন্তব্যে নিয়ে গেছে
এ ব্যাপারে শান্তাহার জিআরপি থানায় একটি মামলা হয়েছে।
শান্তাহার জিআরপি থানার ওসি শরিফুল ইসলাম জানান, চালককে মারধরের ঘটনায় জিআরপি পুলিশের এএসআই সাইদুর রহমান বাদী হয়ে একটি মামলা করেছেন। মামলায় অজ্ঞাত পরিচয়েরর ৭/৮ জন আসামি করা হয়েছে।
