বগুড়ায় ব্যাংকে চুরি: আরো ৩ জন বরখাস্ত
বগুড়ার আদমদীঘি উপজেলায় সুড়ঙ্গ কেটে সোনালী ব্যাংকের টাকা লুটের ঘটনায় আরো তিন কর্মকর্তা সাময়িকভাবে বরখাস্ত হয়েছেন।
দায়িত্বে অবহেলার অভিযোগে সোনালী ব্যাংক প্রধান কার্যালয় এ নিদ্ধান্ত নেয় বলে জানান নওগাঁর উপমহাব্যবস্থাপক (ডিজিএম) এবং পাঁচ সদস্যের তদন্ত কমিটির সদস্য গোলাম মোস্তফা।
বরখাস্ত তিনজন হলেন রাজশাহীর মহাব্যবস্থাপক (জিএম) কে এম আফজাল হোসেন, বিভাগীয় মার্কেটিং এন্ড ডেভেলপমেন্ট ম্যানেজার হাসান ইকবাল এবং বগুড়ার ডিজিএম আব্দুস সামাদ।
এ ঘটনায় এ নিয়ে ব্যাংকটির পাঁচ কর্মকর্তা সাময়িকভাবে বরখাস্ত হলেন।
রোববার ব্যাংটির আদমদীঘি শাখা ব্যবস্থাপক ও ক্যাশিয়ারকে সাময়িক বরখাস্ত করা হয়।
ফাইল ছবি
এদিকে এ ঘটনায় করা মামলার তদন্ত কর্মকর্তা ও আদমদীঘি থানার পরিদর্শক (তদন্ত) জহুরুল হক বলেন, মঙ্গলবার সারাদিন অভিযান চালিয়ে চার সন্দেহভাজন জনকে আটক করা হয়েছে।
এরা হলেন বিপ্লব হোসেন, শাহাদত হোসেন, তার স্ত্রী আফরোজা বানু ও আশরাফ আলী।
ঘটনার পর থেকে এরা এলাকা থেকে পালিয়ে ছিল এবং আজ (মঙ্গলবার) এলাকায় সন্দেহজনক ঘোরাফেরা করায় জিজ্ঞাসাবাদের জন্য তাদের আটক করা হয়েছে।
তদন্ত কর্মকর্তা আরো জানান, এ ঘটনার তদন্তে সঠিক তথ্য দিয়ে কেউ সহায়তা করতে পারলে এক লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছেন বগুড়ার পুলিশ সুপার (এসপি) মোজাম্মেল হক।
গত শনিবার বিকালে আদমদীঘি বাসস্ট্যান্ডের কাছে একটি ফার্নিচারের দোকান থেকে সুড়ঙ্গ কেটে সংলগ্ন সোনালী ব্যাংকের শাখা থেকে টাকা লুটের বিষয়টি ধরা পড়ে।
বৃহস্পতিবার ব্যাংক বন্ধ করার সময় ভল্টে ৩২ লাখ ৫১ হাজার ৬৮৭ টাকা ছিল। পরে রাতে ভল্টের আশপাশ ও সুড়ঙ্গের ভিতরে ছড়ানো ছিটানো অবস্থায় এক লাখ ৭২ হাজার ১৮৪ টাকা পাওয়া যায়।
এর আগে ২৬ জানুয়ারি কিশোরগঞ্জ শহরে সোনালী ব্যাংকের অফিসে সুড়ঙ্গ খুড়ে ১৬ কোটি ৯০ লাখ টাকা চুরি হয়। দুদিনের মাথায় এই চুরির মূল হোতা সোহেল ওরফে হাবিবসহ দুজনকে গ্রেপ্তার করে র্যাব। তাদের কাছ থেকে চুরির ১৬ কোটি ১৯ লাখ ৫৬ হাজার ৬৪ টাকা উদ্ধার করা হয়।
