২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারী ও শিশু স্বাস্থ্যসেবার মান বাড়াতে গুরুত্ব প্রধানমন্ত্রীর

চিকিৎসা শিক্ষার পাশাপাশি নারী ও শিশু স্বাস্থ্যসেবার মান বাড়ানোর ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2014, 06:47 PM

Updated : 01 Sep 2026, 12:35 PM

মঙ্গলবার জাতীয় স্বাস্থ্য কাউন্সিলের বৈঠকে বক্তব্যে তিনি এই বিষয়ের গুরুত্ব তুলে ধরেন বলে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল সাংবাদিকদের জানিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, স্বাস্থ্য সেবাকে জনগণের দোড়গোড়ায় পৌঁছে দিতে হবে। শিশু ও নারীদের স্বাস্থ্যসেবার মান আরো বাড়াতে হবে।

চিকিৎসা শিক্ষার মান বাড়ানোর ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী রাজশাহী ও চট্টগ্রামে আরো দুটি মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কথাও বলেন।

নার্সিং ও হেলথ টেকনিশিয়ানের সংখ্যা বাড়াতে সরকারের সিদ্ধান্তের কথা তুলে ধরে এই ক্ষেত্রকে গুরুত্ব দেয়ার কথাও বলেন তিনি।

প্রধানমন্ত্রী স্বাস্থ্য ও স্বাস্থ্য শিক্ষা খাতে গত পাঁচ বছরের অগ্রগতির চিত্র তুলে ধরে এ খাতে বেসরকারি বিনিয়োগও প্রত্যাশা করেন।

শেখ হাসিনা বলেন, ‘শুধু ব্যবসা নয়, সেবার মানসিকতা নিয়ে মেডিকেল কলেজ ও হাসপাতালগুলোকে কাজ করতে হবে।”

প্রত্যন্ত অঞ্চলে কর্মরত চিকিৎসকদেও সুযোগ-সুবিধা বাড়ানোর কথাও বলেন প্রধানমন্ত্রী।

ইউনানি, আয়ুর্বেদীয় ও হোমিওপ্যাথ চিকিৎসাকে যুগোপযোগী করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি। প্রধানমন্ত্রী কার্যালয়ে শেখ হাসিনার সভাপতিত্বে এই বৈঠকের শুরুতেই গত পাঁচ বছরে স্বাস্থ্য খাতের অগ্রগতি তুলে ধরা হয়। বৈঠকে চিকিৎসকদের মধ্যে ছিলেন জাতীয় অধ্যাপক এম আর খান ও শায়লা খাতুন, অধ্যাপক রশীদ-ই-মাহবুব, অধ্যাপক মাহমুদ হাসান ও অধ্যাপক প্রাণ গোপাল দত্ত।

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, রেলমন্ত্রী মুজিবুল হক, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, নারী ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকী এবং স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক স্বপন বৈঠকে বক্তব্য রাখেন।