সম্পর্ক থাকায় পাকিস্তানি পণ্য বর্জন হয়নি: তোফায়েল
কূটনৈতিক সম্পর্ক থাকায় পাকিস্তানি পণ্য বর্জনের কোনো পদক্ষেপ নেয়া হয়নি বলে জাতীয় সংসদে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
ফাইল ছবি ফাইল ছবি
ফাইল ছবি ফাইল ছবি
ফাইল ছবি ফাইল ছবি
জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে এক লিখিত প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
যুদ্ধাপরাধী আব্দুল কাদের মোল্লার মৃত্যুদণ্ড কার্যকর নিয়ে পাকিস্তানের পার্লামেন্টে প্রস্তাব পাশের প্রতিবাদে বাংলাদেশে দেশটির পণ্য বর্জনের দাবি তোলে গণজাগরণ মঞ্চসহ বিভিন্ন সংগঠন।
পাকিস্তানের সঙ্গে বাণিজ্য সম্পর্ক ছিন্ন করা এবং গত বাণিজ্য মেলায় পাকিস্তানি স্টল বরাদ্দ না দেয়ার দাবিতে বাণিজ্য মন্ত্রণালয়ে স্মারকলিপিও দিয়েছিল গণজাগরণ মঞ্চ।
কিশোরগঞ্জ-২ আসনের সাংসদ মো. সোহরাব উদ্দিন লিখিত প্রশ্নে তোফায়েল আহমেদের কাছে জানতে চান, পাকিস্তানি পণ্য আমদানি বন্ধে সরকারের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেয়া হয়েছে কি না।
জবাবে বাণিজ্যমন্ত্রী তোফায়েল বলেন, “পাকিস্তানের সাথে কূটনৈতিক সম্পর্ক বজায় থাকায় পাকিস্তানি পণ্য আমদানি বন্ধের পদক্ষেপ গ্রহণ করা হয় নাই।”
যুদ্ধাপরাধের দায়ে গত ১২ ডিসেম্বর রাতে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল কাদের মোল্লার ফাঁসি কার্যকর করা হয়। এর চার দিনের মাথায় বিষয়টি নিয়ে ‘উদ্বেগ’ জানিয়ে পাকিস্তানের পার্লামেন্টে একটি প্রস্তাব পাস হয়।
ফাইল ছবি
এরপর ঢাকায় পাকিস্তানের হাই কমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে প্রতিবাদ জানানো হয়।
পাকিস্তানের ওই পদক্ষেপের প্রতিবাদে ফুঁসে ওঠে যুদ্ধাপরাধীর ফাঁসির দাবিতে আন্দোলনরত গণজাগরণ মঞ্চ। গুলশানে পাকিস্তানের হাই কমিশন ঘেরাওয়ের পাশাপাশি পণ্য বর্জনের ডাক দেয় তারা। রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে পাকিস্তানের বিরুদ্ধে বিক্ষোভ করে ছাত্র-জনতা।
