২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘অবমাননা’: প্রথম আলোর বিষয়ে রায় বৃহস্পতিবার

আদালত অবমাননার অভিযোগে প্রথম আলোর সম্পাদক ও একজন যুগ্ম সম্পাদকের বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে শুনানি শেষে রায়ের জন্য বৃহস্পতিবার দিন রেখেছে হাই কোর্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2014, 03:26 PM

Updated : 01 Sep 2026, 12:35 PM

ফাইল ছবি ফাইল ছবি

এবার আমানুল্লাহ কবীরের বিরুদ্ধে আইনবিদের অভিযোগ

প্রথম আলো সম্পাদক মতিউর রহমান মঙ্গলবার আদালতে হাজির হওয়ার পর শুনানি করে বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের বেঞ্চ বিষয়টি রায়ের জন্য রাখে।

প্রথম আলোর পক্ষের আইনজীবী শাহদীন মালিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “স্বতঃপ্রণোদিত রুল এবং অবমাননার অভিযোগে দেয়া রুল- উভয় কেসই শুনানি শেষ করে রায়ের জন্য রাখা হয়েছে।”

আদালতে আবেদনকারীর পক্ষে ছিলেন আইনজীবী আহসানুল করিম।

দৈনিক প্রথম আলোয় প্রকাশিত দুটি লেখা নিয়ে গত ২ মার্চ পত্রিকাটির যুগ্ম সম্পাদক মিজানুর রহমান খানকে তলব করে হাই কোর্টের এই বেঞ্চ।পাশাপাশি মিজানুরের বিরুদ্ধে দুটি এবং প্রথম আলো সম্পাদকের বিরুদ্ধে একটি রুল জারি করে আদালত।

তাদের হলফনামা আকারে নিজেদের ব্যাখ্যা আদালতে দাখিল করতে বলা হয়।

গত ৬, ৯ ও ১০ মার্চ মিজানুরের উপস্থিতিতেই এ বিষয়ে শুনানি হয়। হলফনামার বিষয়ে নিশ্চিত হতে আদালত প্রথম আলো সম্পাদকের বক্তব্য শুনতে চাইলে মঙ্গলবার তিনি হাজির হন।

শুনানির এক পর্যায়ে বক্তব্য দেন মতিউর রহমান। পরে মিজানুর রহমান খানও বক্তব্য দেন।

এ বিষয়ে শুনানির প্রথম দিন গণমাধ্যম ও সাংবাদিকতা পেশা নিয়ে কথা বলেন আইনজীবী রোকন উদ্দিন মাহমুদ, যা প্রত্যাহারের দাবিতে শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি, ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবদিক সমিতি ও বরিশাল বিভাগীয় সাংবাদিক সমিতি আলাদা বিবৃতি দেয়।

ওই বিবৃতি দৈনিক সমকাল ও নয়া দিগন্ত তা প্রকাশ করলে পরদিন রোকন উদ্দিন প্রতিবেদন দুটি আদালতের নজরে আনেন এবং বিচারক আদালত অবমাননার রুল দেন।

সমকাল ও নয়া দিগন্তের সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকরের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে কেন ব্যবস্থা নেয়া হবে না- তা জানতে চাওয়া হয়েছে ওই রুলে।

পাশাপাশি বিবৃতি দেয়ার বিষয়ে ব্যাখ্যা দিতে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি শাহেদ চৌধুরী ও সাধারণ সম্পাদক ইলিয়াস খান; বরিশাল বিভাগীয় সাংবাদিক সমিতির সভাপতি আবদুর রহমান ও সাধারণ সম্পাদক ইলিয়াস খান, ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি এম এম জসিম ও সেক্রেটারি সাদ্দাম হোসেন; জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি কাজী মোবারক হোসেন ও সেক্রেটারি এম সুজাউল ইসলামকে বুধবার আদালতে হাজির হতে বলা হয়।

মঙ্গলবার শুনানি শেষে এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে বেঞ্চের জ্যেষ্ঠ বিচারক বলেন, “যাদের তলব করা হয়েছে- তাদেরকে আদালতে হাজির হতে হবে। এটা একটা আদেশ। এসে চলে যেতে পারবে। কিন্তু আসতে হবে।”