২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আন্দোলন স্থগিত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সান্ধ্যকোর্স বাতিলের দাবিতে চলমান আন্দোলন স্থগিত করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2014, 02:43 PM

Updated : 01 Sep 2026, 12:35 PM

মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয়া হয়।

একইসঙ্গে আট দফা দাবি তুলে অবিলম্বে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে তা মেনে নেয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষার্থীরা। তা না হলে শিগগিরই ‘কঠোর কর্মসূচি’ দেয়া হবে বলে হুঁশিয়ার করেছেন তারা।

পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসাবে মঙ্গলবার শহীদ শাসুজ্জোহার কবরে পুস্পস্তবক অর্পণ করে শিক্ষার্থীদের সান্ধ্যকোর্স বিরোধী আন্দোলন চালিয়ে যাওয়ার শপথ নেয়ার কথা থাকলেও তা স্থগিত করা হয়।

পরে ‘বর্ধিত ফি ও সান্ধ্যকোর্সবিরোধী শিক্ষার্থীবৃন্দ’ ব্যানারে সংবাদ সম্মলন করে লিখিত বক্তব্য পড়ে শোনান পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আয়তুল্লাহ খোমেনী।

তিনি বলেন, “সোমবার আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে আলোচনা করেছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন আজকের (মঙ্গলবারের) কর্মসূচি না করে বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তা ও ক্লাস-পরীক্ষা চলমান রাখার জন্য আমাদের সহযোগিতা চেয়েছে।

“একইসঙ্গে বৈঠকে সাধারণ শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার করার আশ্বাস দেয়া হয়েছে। এই প্রেক্ষাপটে আমরা মঙ্গলবারের কর্মসূচি পালন করা থেকে বিরত থাকছি।”

আয়তুল্লাহ খোমেনী বলেন, শিক্ষার্থীদের এই ‘নায্য দাবির’ আন্দোলন চলছে এবং ভবিষতেও চলবে।

“আমরা আট দফা দাবি মেনে নেয়ার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অনুরোধ জানিয়েছি।”

বাণিজ্য, আইন ও সামাজিক বিজ্ঞান অনুষদের সান্ধ্যকোর্স বাতিল, শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার, গত ২ ফেব্রুয়ারি শিক্ষার্থীদের ওপর ‘হামলাকারী’ ছাত্রলীগ নেতা-কর্মীদের বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার ও আইনের হাতে সোপর্দ করা এবং ‘হামলার নেতৃত্বদানকারী’ চার সহকারী প্রক্টর ও পুলিশ কর্মকর্তাদের বিচারের মুখোমুখী করার দাবিও রয়েছে এই আট দফার মধ্যে।

বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সভাপতি আয়তুল্লাহ খোমেনী বলেন, দাবি আদায়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে আলোচনা চালিয়ে যাবেন তারা।

বর্ধিত ফি ও সান্ধ্যকোর্স বাতিলের দাবিতে শিক্ষার্থীরা গত জানুয়ারি মাসে আন্দোলন শুরুর পর ২ ফেব্রুয়ারি কয়েক হাজার আন্দোলনকারীর ওপর চড়াও হয় পুলিশ। শটগানের গুলি ও কাঁদুনে গ্যাসে সেদিন অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হন। ছাত্রলীগের নেতাকর্মীদেরও সেদিন অস্ত্র হাতে হামলায় অংশ নিতে দেখা যায়।

ওই ঘটনায় বিস্ফোরক ও ভাংচুরের অভিযোগে দুটি মামলা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আর পুলিশের ওপর হামলা, কাজে বাধা দেয়া ও বিস্ফোরক আইনে অন্য দুই মামলা করে পুলিশ। এসব মামলায় ১০৫ জনের নাম উল্লেখসহ মোট ৪৭৫ জনকে আসামি করা হয়, যার মধ্যে আন্দোলনকারীদের নামও রয়েছে।

হামলার ঘটনার পরদিন সিন্ডিকেট অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে। এক মাস বন্ধ থাকার পর গত সোমবার বিশ্ববিদ্যালয় খুলে দেয়া হয়।

অন্যদের মধ্যে সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী গোলাম মোস্তফা, ফিন্যান্স আন্ড ব্যাংকিং বিভাগের সোহরাব হোসেন, বাংলা বিভাগের আসাদুজ্জামান, প্রাণ-রসায়ন বিভাগের আরিফুল ইসলাম সনি, ফোকলোর বিভাগের শিহাবুদ্দিন সিহাব সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।