২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে আ. লীগ অফিসে অগ্নিসংযোগ

বাগেরহাট সদর উপজেলায় আওয়ামী লীগের একটি ওয়ার্ড কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2014, 01:24 PM

Updated : 01 Sep 2026, 12:35 PM

বাগেরহাট মডেল থানার ওসি মো. আলী আজম খান জানান, সোমবার গভীর রাতে দুর্বৃত্তরা উপজেলার কাড়াপাড়া ইউনিয়নের মরগা বাজারে ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয়ে আগুন দিয়েছে।

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সাধারণ ভোটারদের মধ্যে আতঙ্ক ছড়াতে পরিকল্পিতভাবে বিএনপি তাদের কার্যালয়ে আগুন দিয়েছে বলে অভিযোগ আওয়ামী লীগ নেতাদের।

তবে বিএনপি অভিযোগ অস্বীকার করেছে।

ওই ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আকরাম মোল্লা বলেন, উপজেলার কাড়াপাড়া ও ষাটগম্বুজ ইউনিয়নের সীমান্তবর্তী মরগা বাজারে নেতা-কর্মীদের বসার জন্য টিন ও বাঁশের বেড়া দিয়ে এ কার্যালয়টি নির্মাণ করা হয়েছে। এখান থেকেই ওই দুই ইউনিয়নে দলের কার্যক্রম পরিচালিত হয়।

“সোমবার রাত সাড়ে ৩টার দিকে মরগা বাজারের নৈশ প্রহরি ওয়াজেদ শেখ কার্যালয়ে আগুন দেখতে পেয়ে ডাকাডাকি শুরু করে। পরে স্থানীয়রা এসে আগুন নেভায়।”

কেরোসিন ছিটিয়ে আগুন ধরিয়ে দেয়া হয়েছে অভিযোগ করেন তিনি বলেন, আগুনে কার্যালয়ের বেড়া, একটি চৌকিসহ বেশ কিছু অংশ পুড়ে গেছে।

সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আকতারুজ্জামান অভিযোগ করেন, আগামী ১৫ মার্চ সদর উপজেলা পরিষদ নির্বাচন। এই নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী খান মুজিবর রহমানের নির্বাচনী প্রচারের কাজ ওই কার্যালয় থেকে পরিচালিত হচ্ছে। দলীয় নেতা-কর্মী ও সাধারণ ভোটারদের মধ্যে আতঙ্ক ছড়াতে পরিকল্পিতভাবে বিএনপি তাদের কার্যালয়ে আগুন দিয়েছে।

বাগেরহাট জেলা বিএনপির সভাপতি এম এ সালাম পাল্টা অভিযোগ করেন, আগামী ১৫ মার্চ অনুষ্ঠেয় উপজেলা পরিষদ নির্বাচনে যাতে ১৯ দলীয় জোটের নেতা-কর্মীরা নির্বাচনী মাঠ থাকতে না পারে সেজন্য আগুনের দায় বিএনপির উপর চাপানোর ষড়যন্ত্র চলছে।

তিনি বলেন, “এই ঘটনায় মিথ্যা মামলা দেয়ারও পরিকল্পনা করছে আওয়ামী লীগ।”

ওসি আলী আযম বলেন, দুর্বৃত্তদের সনাক্ত করার চেষ্টা চলছে। তবে এই বিষয়ে এখনো কোন মামলা হয়নি।