ডিগ্রি পরীক্ষা দেয়া হলো না আল আমিনের
দুপক্ষের সংঘর্ষে আহত গাজীপুরের শ্রীপুর উপজেলা ছাত্রলীগ সদস্য ও শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী ডিগ্রি কলেজের শিক্ষার্থী আল আমিন (২৫) মারা গেছেন।
রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাতে তার মৃত্যু হয়।
সোমবার বিকালে শ্রীপুরের উজিলাব সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এতে স্থানীয় সাংসদ রহমত আলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজ হায়দার ভুঁইয়াসহ এলাকাবাসী অংশ নেন।
আল আমিন ২০১২ সালের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এ বছর চলমান ডিগ্রি পরীক্ষায় অংশ নিচ্ছিলেন।
আগামী ১৫ মার্চ অনুষ্ঠেয় শ্রীপুর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আব্দুল জলিল এবং আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ইকবাল হোসেন সবুজের কর্মী-সমর্থকদের সংঘর্ষে শনিবার আহত হন আল আমিন।
বিকাল ৪টার দিকে আল আমিনের মরদেহ বাড়ি পৌঁছলে মা-বাবা ও স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারি হয়ে ওঠে।
মা হালিমা আক্তার বার বার কান্নায় ভেঙে পড়ে বলছিলেন, রাজনীতির কারণে ছেলেকে হারাতে হলো।
তিনি ছেলের খুনিদের গ্রেপ্তার ও শাস্তির দাবি করেন প্রধানমন্ত্রীর কাছে।
এদিকে সংঘর্ষের ঘটনায় শ্রীপুর থানার উপ-পরিদর্শক মো. কবির হোসেন ঘটনার দিনই একটি মামলা করেন। পুলিশ রোববার দুই অস্ত্রধারীসহ ২২ জনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।
