২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাঁচ জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৫

পাঁচ জেলায় সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত ও ছয় জন আহত হয়েছেন।

জেলা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2014, 10:34 PM

Updated : 01 Sep 2026, 12:35 PM

সোমবার মানিকগঞ্জ, বাগেরহাট, গাজীপুর, মুন্সীগঞ্জ ও চাঁদপুরে এসব দুর্ঘটনা ঘটে।

এরমধ্যে মানিকগঞ্জে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে প্রাইভেটকার চালক নিহত ও এর পাঁচ যাত্রী আহত হয়েছেন।

বাগেরহাটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল উল্টে এক স্কুলছাত্রী মারা যায় এবং আহত হন মোটরসাইকেলের চালক তার বড় ভাই।

এছাড়া গাজীপুর ও মুন্সিগঞ্জে দুই নারী এবং চাঁদপুরে এক যুবক মারা যান।

মানিকগঞ্জ

বিকাল ৪টায় সদর উপজেলার তেরদোনা এলাকায় মানিকগঞ্জ-বালিরটেক সড়কে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে মৃত প্রাইভেটকার চালকের নাম বাবুল মিয়া (৩০)। বাবুল উপজেলার হাসলি গ্রামের রহিম মিয়ার ছেলে।

মানিকগঞ্জ সদর থানার এসআই মাসুদ মুন্সী জানান, বাসের মুখোমুখি সংঘর্ষে ধুমড়ে-মুচড়ে যাওয়া প্রাইভেটকারটির চালক ঘটনাস্থলেই মারা যান।

এ ঘটনায় একই পরিবারের চার জনসহ পাঁচ জন প্রাইভেটকার যাত্রী আহত হন। গুরুতর আহত চারজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাগেরহাট

দুপুরে বাগেরহাট সদরের সিএন্ডবি বাজার এলাকায় একটি ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল উল্টে মারা যাওয়া স্কুলছাত্রীর নাম মীম আক্তার (১৪)।

মীম ফকিরহাট উপজেলার পাইকপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ছিল। পাইকপাড়া গ্রামের শমসের মল্লিকের মেয়ে সে।

বাগেরহাট মডেল থানার এসআই শাহীন শাহজানান জানান, এ ঘটনায় আহত স্কুলছাত্রীর বড় ভাই ফরিদ মল্লিককে (২০)বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এসআই জানান, বিপরীত দিক থেকে আসা একটি ট্রাককে পাশ কাটাতে গিয়ে এর সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেলটি রাস্তার পাশের খাদে পড়ে যায়।

"এতে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই মীম মারা যায়।"

গাজীপুর

গাজীপুর মহানগরের বড়বাড়ী তারগাছ এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় মমতাজ বেগম (৫৫) নামে এক নারী মারা গেছেন। তিনি মাদারীপুরের বাসার উপজেলা সদরের আব্দুল মতিনের স্ত্রী ।

নাওজোড় পুলিশ ফাঁড়ির এসআই মো. নজরুল ইসলাম ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই নারী তারগাছ এলাকায় বাড়িতে ভাড়া থাকতেন।

তিনি জানান, বিদ্যুত বিল দিতে গিয়ে বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পারাপার হওয়ার সময় একটি অজ্ঞাত পরিচয় গাড়ি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

মুন্সীগঞ্জ

সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া উপজেলার ভবেরচর বাস স্ট্যান্ডে পিকআপ ভ্যানের চাপায় মারা যান মালেহা বেগম (৪২)।

তিনি সাবেক সাংসদ কবরী সারোয়ারের ব্যক্তিগত গাড়ী চালক আয়নাল হকের স্ত্রী। তার বাড়ি গজারিয়ার গোয়ালগাঁও গ্রামে।

ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই দেলোয়ার হোসেন জানান, চাপা দেযা অ্যাডিকশন নামের একটি ইলেক্ট্রনিক সামগ্রী প্রস্ততকারক প্রতিষ্ঠানের পিকআপ ভ্যানটি আটক করা হয়েছে। তবে এর চালক পালিয়ে গেছেও বলে জানান তিনি।

তিনি আরো জানান, স্বজনদের ইচ্ছায় নিহতের লাশ ময়না তদন্ত ছাড়াই পরিবারের কাছে বুঝিয়ে দেয়া হয়েছে।

চাঁদপুর

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় বাসচাপায় রুবেল হোসেন (২০) নামের এক যুবক নিহত হয়েছেন। তিনি ফরিদগঞ্জের ঘনিয়া দররার বাড়ির ফজলুল হকের ছেলে।

হাজীগঞ্জ থানার ওসি মো. শাহ আলম জানান, দুপুর ২টায় রামগঞ্জ হাজীগঞ্জ-রামগঞ্জ সড়কের ফকির বাজার এলাকায় রাস্তা পারাপারের সময় বৈশাখী পরিবহনের একটি বাস রুবেলকে চাপা দিলে ঘটনাস্থলেই রুবের মারা যায়।

এ ঘটনায় কেউ আটক হয়নি বলেও জানান ওসি।