পুলিশের বিরুদ্ধে অভিযোগ: নিষ্পত্তির নির্দেশ আইজিপিকে
পুলিশের সহযোগিতায় এক শিক্ষকের পরিবারকে উচ্ছেদের পর বিচার চেয়ে করা আবেদন নিষ্পত্তির নির্দেশ দিয়েছে হাই কোর্ট।
সোমবার বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের বেঞ্চের আদেশে পুলিশের মহাপরিদর্শককে ওই আবেদন নিষ্পত্তি করে ৭ দিনের মধ্যে আদালতে প্রতিবেদন দিতে বলা হয়।
মো. নুরুল ইসলাম নামে ওই শিক্ষক গত ৩ মার্চ আইজিপি বরাবর ওই আবেদন করেন।
আবেদনে তিনি বলেন, পুলিশের সহযোগিতায় শাহনাজ আক্তার লাকী নামে তার এক ভাড়াটিয়া তাকেসহ অন্য ভাড়াটিয়াদেরকে তাড়িয়ে দিয়েছে। তাকে বা তার পরিবারবর্গকে বাড়িতে যেতে দিচ্ছে না।
উত্তরা পশ্চিম থানার পরিদর্শক (তদন্ত) আলী মাহমুদ, উপপরিদর্শক হারুন, জাকির, রফিকুল; সহকারী উপপরিদর্শক আরিফকে ওই ঘটনার জন্য দায়ী করা হয়।
পুলিশ প্রধানের কাছে আবেদন জানিয়ে ফল না পেয়ে হাই কোর্টে রিট আবেদন করেন নুরুল ইসলাম। ওই আবেদনে নিষ্পত্তির আদেশের সঙ্গে একটি রুল আসে।
আবেদনকারীর জীবন ও সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করতে কেন নির্দেশ দেয়া হবে না, রুলে তা জানতে চায় হাই কোর্ট।
স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক, ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার, উত্তরা জোনের ডেপুটি কমিশনার, উত্তরা পশ্চিম থানার ওসিকে রুলের জবাব দিতে বলা হয়েছে।
কোনো ভয়ভীতি ব্যতীত নুরুল ইসলামের স্বাভাবিক জীবন যাপনে কোনো ধরনের হস্তক্ষেপ না করতেও নির্দেশ দিয়েছে আদালত।
আদালতে আবেদনকারী পক্ষে শুনানি করেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মো. নুরুল ইসলাম নামে ওই ব্যক্তি তার এলাকায় টিউশনি করে জীবনযাপন করেন। তার এক খণ্ড জমিতে কিছু ঘর রয়েছে, যেখানে নিম্ন আয়ের মানুষ থাকত।
তারই একটি ঘর ভাড়া নিয়ে লাকী পার্লার করেন জানিয়ে তিনি বলেন, “ওই পার্লারে অসামাজিক কার্যকলাপ হয় অভিযোগ পেরে নুরুল ইসলাম ভাড়াটিয়ার কাছে সে বিষয়ে জানতে চান। এরপর থেকেই তাকে পুলিশ হয়রানি করা শুরু করে। এক পর্যায়ে পুলিশ তাকে বাড়িছাড়া করে।”
