মুফতি হান্নানের ভাই গ্রেপ্তার
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি হরকাতুল জিহাদ নেতা মুফতি হান্নানের ভাই ইকবাল মুন্সিকে (৫০) গোপালগঞ্জের কোটালীপাড়া থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
কোটালীপাড়া থানার ওসি আব্দুল লতিফ জানান, নাশকতা করতে পারে সন্দেহে রোববার গভীর রাতে কোটালীপাড়া থানা পুলিশ উপজেলার হিরন গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে।
সোমবার মুখ্য বিচারিক হাকিম মো. বজলুর রহমানের আদালতে হাজির করলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়া হয়।
২০০০ সালের ২১ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটালীপাড়া শেখ লুৎফর রহমান কলেজে জনসভা করেন।
শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে জনসভা স্থল ও হেলিপ্যাডে ৭৬ কেজি ওজনের দুটি বোমা পুঁতে রাখা হয়।
সভার আগের দিন সভাস্থল থেকে একটি ও পরে হ্যালিপ্যাড থেকে একটিসহ মোট দুটি বোমা উদ্ধার করে পুলিশ।
তদন্ত শেষে এ ঘটনায় হুজি নেতা মুফতি মাওলানা আব্দুল হান্নান মুন্সিসহ তার সহযোগীদের বিরুদ্ধে হত্যা চেষ্টাসহ পৃথক চারটি মামলা করে পুলিশ।
