২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধাওয়া করে সোনার বার আটক

রাজধানীর বনানী এলাকা থেকে ৬০টি সোনার বারসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2014, 09:59 PM

Updated : 01 Sep 2026, 12:34 PM

পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার লুৎফুল কবির জানান, রোববার দুপুরে বনানীর ১১ নম্বর রোডে পুলিশ ধাওয়া করে শাহাবুদ্দিন, শাহিন ও আবুল কাসেম নামে তিন ব্যক্তিকে আটক করে।  তাদের কাছে থাকা ব্যাগ তল্লাশি করে সোনার বারগুলো জব্দ করে।

পুলিশের এই কর্মকর্তা বলেন, “আটকরা একটি প্রাইভেটকারে করে মহাখালী যাচ্ছিল। বনানী ১১ নম্বর রোডে পুলিশের তল্লাসি চৌকির সামনে একটি সিএনজি অটোরিকশার সঙ্গে তাদের প্রাইভেটকারের ধাক্কা লাগে।

“এ সময় প্রাইভেটকারে থাকা আরোহীরা গাড়ি থেকে নেমে অটোরিকশা চালকের সঙ্গে বাগবিতন্ডায় জড়িয়ে পড়ে। তাদের হাতে থাকা একটি ব্যাগ দেখে সন্দেহ হলে তাদের জিজ্ঞাসাবাদের জন্য এগিয়ে যায় তল্লাসি চৌকির দায়িত্বপালনকারি পুলিশ।”

এসময় তিনজন দৌড়ে পালানোর চেষ্টা করলে পুলিশ ধাওয়া করে তাদের ধরে ফেলে। পরে তাদের কাছ থেকে ৬০টি সোনার বার উদ্ধার করা হয়।

প্রতিটি বারের ওজন ১১ তোলা বলেও নিশ্চিত করেন লুৎফুল কবির।

তিনি বলেন, “প্রাথমিকভাবে মনে হচ্ছে তারা অবৈধভাবে স্বর্ণ বহনের সঙ্গে জড়িত। জিজ্ঞাসাবাদে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।”