কাঁথা নিয়ে বিতণ্ডার জেরে যুবক খুন
চট্টগ্রামের কালুরঘাট বিসিক এলাকায় একটি চায়ের দোকানে ঘুমানোর সময় কাঁথা নিয়ে বিতণ্ডার এক পর্যায়ে দোকান কর্মচারীর বটির কোপে এক পরিবহন শ্রমিক নিহত হয়েছেন।
নিহত মো. হারুন (৩৫) কক্সবাজারের রামু উপজেলার বাসিন্দা ছিদ্দিক আহমেদের ছেলে। বন্দরনগরীতে বাসের সহকারীর কাজ করতেন তিনি।
মহানগর পুলিশের পাঁচলাইশ জোনের সহকারী কমিশনার দীপক জ্যোতি খীসা জানান, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে হারুনের মৃত্যু হয়।
শুক্রবার রাতে হারুন আহত হওয়ার পর থেকে দোকান কর্মচারী রাসেল পলাতক বলে জানান তিনি।
সহকারী কমিশনার বলেন, হারুন বিভিন্ন সময়ে বিসিক এলাকার চায়ের দোকানে রাতে থাকতেন
“শুক্রবার রাতে ঘুমাতে গেলে কাঁথা নিয়ে রাসেলের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে হারুন তাকে চড় মারে। এরপর ক্ষিপ্ত হয়ে রাসেল তাকে বটি দিয়ে কুপিয়ে জখম করে।”
গুরুতর আহত অবস্থায় হারুনকে হাসপাতালে নিয়ে আসে স্থানীয়রা।
এ ঘটনায় নিহতের স্ত্রী বাদি হয়ে চান্দগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
