প্রশাসনে পৌনে ৩ লাখ পদ ফাঁকা
বর্তমানে বিভিন্ন মন্ত্রণালয়ে ২ লাখ ৭৫ হাজার ৯৬৪টি পদ শূন্য রয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমত আরা সাদেক।
রোববার জাতীয় সংসদে আওয়ামী লীগের সংসদ সদস্য এনামুল হকের প্রশ্নের জবাবে তিনি এই তথ্য জানান।
জাতীয় পার্টির সদস্য এ কে এম মাইদুল ইসলামের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বর্তমানে জনপ্রশাসনে ২ হাজার ৬০৩ জন সরকারি কর্মকর্তা রয়েছেন। এর মধ্যে ওএসডি রয়েছেন ২৬৫ জন।
প্রতিমন্ত্রী জানান, মোট কর্মকর্তার মধ্যে সচিব ৬২ জন, অতিরিক্ত সচিব ৩০৪ জন, যুগ্মসচিব ৯২৭ জন, উপসচিব ১ হাজার ৩১০ জন।
ওএসডি কর্মকর্তাগণের মধ্যে সচিব ৩ জন, অতিরিক্ত সচিব ৪৬ জন, যুগ্মসচিব ১৩৯ জন, উপসচিব ৭৭ জন।
বরিশাল-কুমিল্লার প্রাধান্য
জাতীয় পার্টির সাংসদ এ কে এম মাইদুল ইসলাম সংসদে সচিব, অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব ও উপসচিবের জেলাভিত্তিক ও ধর্মভিত্তিক তালিকা চান।
প্রতিমন্ত্রী ইসমত আরা সাদেক জানান, সচিব পর্যায়ে সবচেয়ে বেশি কর্মকর্তার বাড়ি বরিশালে। ৬২ জন সচিবের মধ্যে পাঁচজন এই জেলার।
প্রতিমন্ত্রীর উপস্থাপিত তালিকায় দেখা যায়, অতিরিক্ত সচিব ও যুগ্ম সচিব দুই-ই বেশি কুমিল্লায়। কুমিল্লায় বাড়ি ১৯ জন অতিরিক্ত সচিব ও ৪৩ জন যুগ্মসচিবের। উপসচিবের সংখ্যা সবচেয়ে বেশি চট্টগ্রামে ৬১জন।
৬২ জন সচিবের মধ্যে মুসলিম কর্মকর্তা ৫৯ জন ও হিন্দু ধর্মাবলম্বী কর্মকর্তার সংখ্যা তিনজন, অতিরিক্ত সচিবের মধ্যে ২৫৮ জন মুসলিম, হিন্দু ৪০ জন, খ্রিস্টান ২ জন, বৌদ্ধ ৪ জন।
যুগ্মসচিবের মধ্যে মুসলিম ৮০১ জন, হিন্দু ১২১ জন, খ্রিস্টান ৩ জন ও বৌদ্ধ ২ জন। উপসচিবদের মধ্যে মুসলিম ১ হাজার ১৭৩ জন, হিন্দু ১২৮ জন, খ্রিস্টান ১ জন ও বৌদ্ধ ৮ জন।
