‘মওদুদ বাড়ি’: আপিলের অনুমতি রাজউককে
মওদুদ আহমদের ভাই মনজুর আহমদের নামে মিউটেশন (নামজারি) করতে হাই কোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি পেয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ, যে বাড়িতে তিন দশক ধরে বাস করে আসছেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য।
প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের বিরুদ্ধে আপিল বিভাগের পাঁচ সদস্যের বেঞ্চ রোববার এই আদেশ দেয়।
আদালতে মওদুদের ভাইয়ের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মাহমুদুল ইসলাম, ব্যারিস্টার আজমালুল হোসেন কিউসি, ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ, এ জে মোহাম্মদ আলী। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
মওদুদের সহযোগী আইনজীবী ব্যারিস্টার মো. আনোয়ারুল ইসলাম শাহিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ১৯৮৫ সালে মনজুর আহমদ এই বাড়ির মালিকের প্রতিনিধি মহসিন দরবারের কাছ থেকে বায়নানামা করেন রাজউকে নামজারির আবেদন করেন।
“নামজারি না করায় আমরা নিম্ন আদালতে মামলা করি। নিম্ন আদালত আমাদের বিরুদ্ধে রায় দেয়। পরে হাই কোর্টে আসি। হাই কোর্ট আমাদের পক্ষে রায় দেয়। এরপর রাজউক আপিলের অনুমতি চাইলে শুনানির পর আজ আদালত আপিলের অনুমতি দিয়েছে।”
গত ১৭ ডিসেম্বর ওই বাড়ি নিয়ে দুর্নীতি দমন কমিশন মওদুদের বিরুদ্ধে আরেকটি মামলা করে।
মামলা দায়েরের পর বাদী হারুনুর রশিদ সাংবাদিকদের বলেন, “গুলশানের যে বাড়িটিতে মওদুদ আহমদ ও তার পরিবার বর্গ থাকছেন, সেটির প্রকৃত মালিক ছিলেন পাকিস্তানি নাগরিক মো. এহসান। ১৯৬০ সালে তৎকালীন ডিআইটির কাছ থেকে এই বাড়ির মালিকানা তিনি (এহসান) লাভ করেন।”
পরবর্তীতে ১৯৬৫ সালে এই বাড়ির মালিকানার কাগজপত্রে এহসানের পাশাপাশি তার স্ত্রী অস্ট্রেলীয় নাগরিক ইনজে মারিয়া প্ল্যাজের নামও অন্তর্ভুক্ত হয়।
হারুনুর রশিদ বলেন, “১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরু হলে এহসান স্ত্রীসহ ঢাকা ত্যাগ করেন। তারা আর ফিরে না আসায় ১৯৭২ সালে এটি পরিত্যক্ত সম্পত্তির তালিকাভুক্ত হয়।”
১৯৭৩ সাল থেকে মওদুদ এই বাড়িতে থাকছেন বলে জানান হারুন।
