জামায়াত নিষিদ্ধসহ ৮ সুপারিশ সেক্টর কমান্ডারদের
সেক্টর কমান্ডারস ফোরামের মুক্তিযোদ্ধা সম্মেলনে জামায়াতে ইসলামীসহ সাম্প্রদায়িক দল নিষিদ্ধ করাসহ আটটি সুপারিশ জানানো হয়েছে।
রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসটি মিলনায়তনে সম্মেলনে এসব সুপারিশ জানিয়ে অবিলম্বে তা বাস্তবায়ন করতে সরকারের প্রতি দাবি জানানো হয়।
সম্মেলনে বক্তব্যে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, “শুধু জামায়াত নয়, যারা রাজনীতির নামে সন্ত্রাসী কর্মকাণ্ড করছে তাদের প্রত্যেককে কাঠগড়ায় দাঁড় করাতে হবে।”
“সাম্প্রদায়িক রাজনীতির নামে যারা সন্ত্রাস করছে তাদের নিষিদ্ধ না করলে মুক্তিযুদ্ধের বাংলাদেশ গঠন সম্ভব নয়,” বলেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার।
সেক্টর কমান্ডারস ফোরামের সভাপতি মুক্তিবাহিনীর উপ-অধিনায়ক এ কে খন্দকার বীর উত্তমের সভাপতিত্বে সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অধ্যাপক আনিসুজ্জামান, ঘাতক-দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার করিব, শোলাকিয়ার ইমাম মাওলানা ফরীদউদ্দীন মাসঊদ প্রমুখ।
সম্মেলনে তুলে ধরা সুপারিশের মধ্যে রয়েছে - সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদবিরোধী সংগ্রামকে সামাজিক ও সাংষ্কৃতিক লড়াইয়ে রূপান্তরিত করতে হবে, জাতীয় রাজনৈতিক দলগুলোর দ্বারা উগ্র-সাম্প্রদায়িক শক্তি ও জঙ্গিবাদের গোপন ও প্রকাশ্য পৃষ্ঠপোষকতা বন্ধ করতে হবে, ধর্মের অপব্যাখ্যা বন্ধে সর্বত্র তৃণমূল পর্যায়ে সমন্বিত প্রচারাভিযান বাস্তবায়ন করতে হবে, জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াইকে চূড়ান্ত লড়াইয়ে রূপদানে দৃঢ় জাতীয় রাজনৈতিক ঐক্য গড়তে হবে, জঙ্গিবাদের গ্লোবাল নেটওয়ার্ক বন্ধে জঙ্গিবাদবিরোধী আঞ্চলিক ও গ্লোবাল টাক্সফোর্স গঠন করে মসজিদের ইমাম ও সমাজপতিদের জঙ্গিবাদের বিরুদ্ধে ব্যবহার করতে হবে, জামায়াতসহ জঙ্গিসম্পৃক্ত সব রাজনৈতিক দল ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের দেশিবিদেশি আর্থিক উৎস, প্রকাশনা বন্ধ ও তাদের দ্বারা পরিচালিত ব্যবসা প্রতিষ্ঠানের ওপর নজরদারি বাড়াতে হবে, সাম্প্রদায়িক ও জঙ্গিসম্পৃক্ত দলগুলোর সম্পর্কে পাশ্চাত্য দেশগুলোর দ্বি-মুখী নীতি বন্ধ করতে হবে।
মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বাংলাদেশের বর্তমান সংবিধানকে ‘গোঁজামিলের সংবিধান’ বলে মন্তব্য করেন।
“যে সংবিধানে একটি বিশেষ ধর্মের মূল্যবোধকে প্রাধান্য দেয়া হয়, যেখানে ১৯৭২ সালের একটি মাত্র আর্টিকেল নিয়ে এসে তাকে ’৭২ এর সংবিধান বলা হয়, তা গোঁজামিল ছাড়া কিছু না।”
“এই সংবিধান দিয়ে সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদ দমন সম্ভব নয়। তাই রাজনীতির নামে তামাশা বন্ধ করতে হবে।”
ইমরান বলেন, “বর্তমান সরকার রাজনীতি ও সন্ত্রাসকে আলাদা করতে পারছে না। সাম্প্রদায়িকতা নিয়ে যেন কেউ রাজনীতি করতে না পারে সেজন্য সবাইকে এক হতে হবে।”
অধ্যাপক আনিসুজ্জামান বলেন, “নতুন করে মুক্তিযুদ্ধ শুরু করতে চাই। গত দুবছর শহীদ মিনার ভাংচুর হয়েছে, জাতীয় পতাকাকে আগুন দিয়ে পুড়িয়েছে। এসব রক্ষায় যুদ্ধ করতে হবে।”
এ কে খন্দকার বলেন, সাম্প্রতিক সময়ে মাথা চাড়া দিয়ে ওঠা সাম্প্রদায়িক গোষ্ঠীর চ্যালেঞ্জ মোকাবেলায় মুক্তিযুদ্ধের শক্তি প্রস্তুত।
“এই চ্যালেঞ্জ নিতে হবে। একাত্তরের মুক্তিযুদ্ধের মতো অপশক্তিকে প্রতিরোধ করতে হবে। এই প্রতিরোধে দেশপ্রেমিক বাঙালিরাই বিজয়ী হবে বলে আমি বিশ্বাস করি।”
