পাবিপ্রবি শিক্ষকের উপর হামলায় গ্রেপ্তার নেই
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি সভাপতি ও ব্যবসায় প্রশাসনের ডিন ড. মুশফিকুর রহমানের উপর হামলায় পাঁচ দিনেও কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
এ হামলায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে রোববার পাবনা প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।
এছাড়া ঘটনার পর থেকে বিশ্ববিদ্যালয়ে ক্লাশ বর্জন অব্যাহত রেখেছেন শিক্ষরা।
মানববন্ধন চলাকালে বক্তারা অবিলম্বে ঘতকদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানান।
মানববন্ধন শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন উপ-পরিচালক (পরিকল্পনা) এস. এম. গোলজার হোসেন, ডেপুটি রেজিস্ট্রার বিজন কুমার ব্রহ্ম, উপ-পরিচালক (অর্থ) শাহান শাহ, নির্বহী প্রকৌশলী মো. ইমরুল হাসান, সহকারী রেজিস্ট্রার মো. কামরুল হাসান, জনসংযোগ কর্মকর্তা ফারুক হোসেন চৌধুরী, মো. হাফিজুর রহমান মোল্লা, সেকশন অফিসার জহুরুল ইসলাম প্রিন্স ও মো. সোহাগ হোসেন।
গত ৫ মার্চ সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে বাসায় ফেরার জন্য অপেক্ষা করার সময় ড. মুশফিকুর রহমানকে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। তার আর্ত চিৎকারে অন্য শিক্ষক ও শিক্ষার্থীরা এগিয়ে এলে সন্ত্রাসীরা ফাকা গুলি করতে করতে মোটরসাইকেল যোগে পালিয়ে যায়।
