তাড়াশে স্থগিত কেন্দ্রের ভোট সোমবার
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা নির্বাচনের স্থগিত কেন্দ্রে সোমবার ভোটগ্রহণ হবে।
সহকারী রিটানিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ রায়হান কবীর জানান, ভোটগ্রহণের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সোমবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে।
গত ২৭ ফেব্রুয়ারি নির্বাচনের দিন উপজেলার সগুনা ইউনিয়নের বিন্যাবাড়ি কেন্দ্রে জাল ভোট দেয়ার অভিযোগে ভোট গ্রহণ স্থগিত করা হয়।
এ উপজেলার ৫৭টি কেন্দ্রের মধ্যে ৫৬টি কেন্দ্রের ফলাফলে চেয়ারম্যান ও দুটি ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিতরা এগিয়ে রয়েছেন।
চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত আব্দুল হক (দোয়াত কলম) ৪৮ হাজার ৪ ভোট পেয়েছেন। বিএনপি সমর্থিত খন্দকার সেলিম জাহাঙ্গীরের (আনারস) চেয়ে ৬৬৪ ভোট বেশি পেয়েছেন তিনি।
পুরুষ ভাইস চেয়ারম্যান পদে দুই হাজার দুশ’ ১৪ ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন আওয়ামী লীগ সমর্থিত ফরহাদ হোসেন বিদ্যুৎ (চশমা)। আর মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত মনোয়ারা খাতুন মিনি (কলস) একশ’ ১৩ ভোট বেশি পেয়ে এগিয়ে রয়েছেন।
