২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কালকিনিতে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১

এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মাদারীপুরের কালকিনি উপজেলায় দুই দল গ্রামবাসীর সংর্ঘষে একজন নিহত হয়েছেন।

মাদারীপুর প্রতিনিধি

সিলেট থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2014, 09:05 AM

Updated : 01 Sep 2026, 12:34 PM

শনিবার সন্ধ্যার দিকে উপজেলার বাশঁগাড়ী ইউনিয়নের দক্ষিণ আকালবরিশ গ্রামে এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ১৫ জন।

খাসেরহাট পুলিশ ফাঁড়ির এসআই আব্বাস উদ্দিন জানান,  এলাকার আধিপত্য নিয়ে বাশঁগাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সালাম তালুকদারের সঙ্গে বর্তমান ইউপি সদস্য আবুল ব্যাপারির বিরোধ চলে আসছে  দীর্ঘদিন ধরে।

“শনিবার সন্ধ্যায় সালাম তালুকদারের লোকজন আবুল ব্যাপারির বাড়িতে হামলা করলে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। প্রায় দুই ঘণ্টা সংঘর্ষে দুই পক্ষের ১৫ জন আহত হন।”

সংঘর্ষের পর আহতদের শরীয়তপুর হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়। রাতে ঢাকায় নেয়ার পথে সালাম তালুকাদারের ছোট ভাই শাজাহান তালুকদারের (৪৪) মৃত্যু হয় বলে কালকিনি থানার ওসি নাজমুল হুদা জানান।

তিনি বলেন, সংঘর্ষের খবর পেয়ে খাসেরহাট ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় রোববার সকাল পর্যন্ত কোনো মামলা হয়নি।