নারী-পুরুষের সম অধিকার প্রতিষ্ঠার আহ্বান
পরিবার থেকে সমাজের প্রতিটি ক্ষেত্রে বৈষম্য দূর করে নারী-পুরুষের সমান অধিকার প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস।
নারী দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি জ্বেলে ‘আঁধার’ ভাঙার শপথ নেন কয়েকশ’ নারী-পুরুষ।
এরপর বেলা সাড়ে ১১টায় শাহবাগ থেকে ট্রাক শোভাযাত্রা বের করে বিক্ষুব্ধ নারী সমাজ। শোভাযাত্রাটি শাহবাগ-পলাশী-চাঁনখারপুর- ফুলবাড়ী- গুলিস্তান- পল্টন- দৈনিক বাংলা মোড়- খিলগাঁও- রামপুরা- মৌচাক মালিবাগ হয়ে আবার শাহবাগে ফিরে আসে।
বিকালে এ সংগঠনের আয়োজনে শাহবাগে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
সাবেক সংসদ সদস্য কবরী সারোয়ার, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর তুরীন আফরোজ, চিত্রশিল্পী রোকেয়া সুলতানা, শ্রমিক নেত্রী মোশারেফা মিশু এবং আলোকচিত্রী শহিদুল আলম আলোচনায় অংশ নেন।
এ আয়োজনের সমন্বয়ক ও নিজেরা করি’র পরিচালক খুশি কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সরকারি জরিপ অনুযায়ী দেশে প্রায় ৭০ শতাংশ নারী বিভিন্নভাবে নির্যাতনের শিকার হচ্ছে। এটাকে আমরা ভালো অবস্থান বলে মনে করতে পারছি না। যৌতুক আইন করে নিষিদ্ধ হলেও আজও সমাজে টিকে আছে।”
নারী-পুরুষের বৈষম্যের কারণ তুলে ধরে তিনি বলেন, “দেশে নারীকে ক্ষমতায় রাখা হলেও মানসিকতার পরিবর্তন আসেনি। আর মানসিকতার পরিবর্তন না আসার কারণেই শীর্ষ পদে নারীরা থাকার পরেও নারী-পুরুষ বৈষম্য বিদ্যমান রয়েছে।”
অনেক বাধা পেরিয়েও নারীরা যখন উন্নয়নের বিভিন্ন সূচকে তাদের অবদান রাখছে তখনি এক শ্রেণির ধর্মান্ধ-মৌলবাদী গোষ্ঠী নারীকে আবার ঘরে বন্দি করে রাখতে চাইছে বলে মন্তব্য করেন খুশি কবির।
“তাই আমাদের আন্দোলন একদিকে যেমন বৈষম্যের বিরুদ্ধে, তেমনি এসব ধর্মান্ধ গোষ্ঠীর বিরুদ্ধে,” বলেন তিনি।
দিবসটি উপলক্ষে শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, শহীদ মিনার ও প্রেসক্লাব এলাকায় সমাবেশ, মশাল মিছিলসহ বিভিন্ন কর্মসূচি পালন করে বেশ কয়েকটি সংগঠন। বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্র, বিপ্লবী নারী মুক্তি, বাংলাদেশ প্রতিবন্ধী ফোরাম, শ্রমজীবী নারী ঐক্যের সমাজতান্ত্রিক মহিলা ফোরাম ও শিক্ষার্থীদের সংগঠন ব্রেভমেনসহ অনেক সংগঠনকেই দেখা যায় সেখানে।
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শুক্রবার রাত সাড়ে ১০টা থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে কর্মসূচির আয়োজন করে ‘আমরাও পারি- নারী নির্যাতন প্রতিরোধ জোট’ ও ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
আলোচনা, শপথ বাক্যপাঠ এবং প্রতিবাদী গান ও নৃত্য পরিবেশনায় নারীর প্রতি নির্যাতন বন্ধের আহ্বান জানানো হয় সেখান থেকে।
আলোচনায় অংশ নেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, আমরাও পারি’র চেয়ারপারসন সুলতানা কামাল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের প্রাধ্যক্ষ অধ্যাপক নাজমা শাহীন ও নিজেরা করি’র পরিচালক খুশী কবির।
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামাল বলেন, “নারীদের বের হওয়ার ক্ষেত্রে রাতের বেলাকে নিষিদ্ধ করা হয় তাদের নিরাপত্তার কথা বলে। কিন্তু নারীর জন্য কোনো সময় নিষিদ্ধ হতে পারে না। নারীরা যখন একসঙ্গে মিলিত হয় তখন কোনো অন্ধকারের শক্তি তাদের পথচলাকে রুদ্ধ করতে পারবে না।”
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, “নারীরা পুরুষদের সঙ্গে সমান প্রতিযোগিতা করে এগিয়ে যাচ্ছে। এটা তারা করছে নিজেদের যোগ্যতায়।”
রাত ১২টায় মোমবাতি প্রজ্বলন করেন সমবেত কয়েক হাজার নারী। এরপর নারীদের ওপর সব ধরনের নির্যাতনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার শপথবাক্য পাঠ করান সুলতানা কামাল।
অনুষ্ঠানে প্রবীণ নারীনেত্রী ও মানবাধিকারকর্মী লতিফা আখন্দ, আমরাও পারি সংগঠনের কর্মীরা ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারটি ছাত্রী হলের কয়েকশ’ শিক্ষার্থী অংশ নেন। উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকরাও।
