সুচিত্রার বাড়িতে সাংস্কৃতিক একাডেমি প্রতিষ্ঠার দাবি
সুচিত্রা সেনের পৈত্রিক বাড়ি অবমুক্ত করে সাংস্কৃতিক একাডেমি প্রতিষ্ঠার দাবির মধ্য দিয়ে পাবনায় শেষ হয়েছে জাতীয় রবীন্দ্র সংগীত সম্মেলন।
শনিবার সন্ধ্যায় তিন দিনব্যাপী এ সম্মেলন শেষ হয়।
পাবনা সরকারি এডওয়ার্ড বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে সম্মেলনের শেষ দিন রবীন্দ্র পদক ও গুণিজন সম্মাননা প্রদান করা হয়।
সমাপনী দিনে জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদের সভাপতি ড. সানজিদা খাতুনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাট্য ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার।
সন্ধ্যায় রবীন্দ্র সংগীত ‘ও আমার দেশের মাটি’ গেয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর অনুষ্ঠানে প্রদীপ প্রজ্জ্বলন, আবৃত্তি, নৃত্য ও সঙ্গীতানুষ্ঠান হয়।
অনুষ্ঠানের শুরুতেই রাজশাহীর বিশিষ্ট সংগীত গুরু অমরেশ রায় চৌধুরীকে রবীন্দ্র পদক ও গুণিজন সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য দেন চারুশিল্পী মুস্তাফা মনোয়ার, সংগীত গুরু অমরেশ রায় চৌধুরী, জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদের সাধারণ সম্পাদক লাইসা আহমেদ লিসা, স্বাগতিক জেলা পাবনা শাখার সভাপতি অধ্যক্ষ নুরুন্নবী, সাধারণ সম্পাদক আব্দুল মতীন খান প্রমুখ।
বক্তারা বিজ্ঞাপন, সাইনবোর্ডসহ সর্বস্তরে বাংলা ভাষা চালু, সঠিক ও স্বচ্ছভাবে যুদ্ধাপরাধীদের বিচার এবং দ্রুত রায় কার্যকর, রবীন্দ্রনাথের আদর্শ বাস্তবায়নসহ ‘মহানায়িকা’ সুচিত্রা সেনের পাবনার বাড়ি অবমুক্ত করে সাংস্কৃতিক একাডেমি প্রতিষ্ঠার দাবি জানান।
এর আগে সকালে চিত্রাংকন প্রতিযোগিতা, রবীন্দ্র সংগীত, নৃত্য প্রশিক্ষণ কর্মশালা ও সেমিনার হয়।
সেমিনারে ‘কৃষি ও গ্রাম উন্নয়ন এবং রবীন্দ্রনাথ’ শীর্ষক প্রবন্ধ পাঠ করবেন অধ্যাপক আ ব ম নুরুল আনোয়ার।
বৃহস্পতিবার সকাল ১০টায় প্রদীপ প্রজ্জলনের মধ্য দিয়ে তিন দিনব্যাপী সম্মেলন ও ৩৩তম বার্ষিক সাধারণ সভা উৎসবমুখর পরিবেশে উদ্বোধন করেন বিশিষ্ট সংস্কৃতিকর্মী ও কলামিস্ট রণেশ মৈত্র।
