নারী নির্যাতন রোধে উঁচু জুতা পায়ে পদযাত্রায় পুরুষ
আন্তর্জাতিক নারী দিবসে নারীর প্রতি সব ধরনের সহিংসতার প্রতিহতের ডাক দিয়ে রাজধানীতে ব্যতিক্রমী এক কর্মসূচি পালন করা হয়েছে।
শনিবার গুলশানে নানা শ্রেণি-পেশার কয়েকশ’ নারী-পুরুষ নারীর উঁচুজুতা পরে পদযাত্রায় অংশ নেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
‘ওয়াক এ মাইল ইন হার সুজ’র শীর্ষক বৈশ্বিক প্রচারণার সঙ্গে সামঞ্জস্য রেখে এ আয়োজনের নাম দেয়া হয় ‘মার্চ ইন হার হিলস’। নারীর প্রতি সহিংসতা রোধে বিশ্বব্যাপী প্রচারাভিযান ‘ওয়ান বিলিয়ন রাইজিং’র উদ্যোগে এ পদযাত্রার আয়োজন করা হয়।
গোলাপী রংয়ের টি-শার্ট গায়ে উঁচু জুতো পরে গুলশান ২ থেকে এক কিলোমিটার পদযাত্রায় অংশ নেন কয়েকশ’ মানুষ। এ সময় তাদের হাতে ছিল নারীর ওপর সহিংসতা প্রতিরোধের স্লোগান সম্বলিত ব্যানার ও প্লাকার্ড।
অনেকের গায়ের টি-শার্টে ছিল প্রিয় নারীর নাম, যার পাশে লেখা- তাদের জন্যেই এই পদযাত্রা।
