২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অক্সিজেন-হাটহাজারী সড়কের ‘ভাগ্য খারাপ’

চট্টগ্রামের অক্সিজেন-হাটহাজারী সড়ক সম্প্রসারণ প্রকল্পটি অষ্টমবারের মতো পরিদর্শন করে ২০১৫ সালের মধ্যে কাজ শেষের আশ্বাস দিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2014, 04:50 PM

Updated : 01 Sep 2026, 12:34 PM

শনিবার দুপুর ২টার দিকে সড়কটির বিটুমিনাস কাজের উদ্বোধন করে ফতেয়াবাদের ছড়ারকুল এলাকায় সাংবাদিকের বলেন, রাস্তাটির ভাগ্য খারাপ বলে কাজের অগ্রগতি হয়নি।

সময় এক দফা বাড়ানোর পর প্রকল্পটির মেয়াদ চলতি বছরের ৩১ ডিসেম্বর শেষ হওয়ার কথা। এখন মেয়াদ বাড়ানোর আরেকটি প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠিয়েছে চট্টগ্রাম সড়ক ও জনপথ বিভাগ (সওজ)।

চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়কের অন্তর্গত প্রায় সাড়ে ১২ কিলোমিটার দীর্ঘ অক্সিজেন-হাটহাজারী সড়কটির কাজ দীর্ঘদিন ধরে চলছে।

ওবায়দুল কাদের বলেন, “আসলে রাস্তাটির ভাগ্য খারাপ। ফান্ডের অভাব আর ঠিকাদারের গাফিলতির কারণে কাজ ততটা অগ্রসর হয়নি।”

মোট ১২৯ কোটি টাকা বরাদ্দ নিয়ে ২০১০ সালের নভেম্বর শুরু হয় এই সড়ক সম্প্রসারণ প্রকল্পের কাজ।

চট্টগ্রাম নগরী থেকে পার্বত্য জেলা রাঙামাটি, খাগড়াছড়ি, উত্তর চট্টগ্রামের রাউজান, রাঙ্গুনিয়া, ফটিকছড়ি ও হাটহাজারী উপজেলা এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যাওয়ার মূল সড়ক এটি।

মন্ত্রী বলেন, “এটা খুব গুরুত্বপূর্ণ সড়ক। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং পার্বত্য চট্টগ্রামের লাখ লাখ মানুষ এই সড়ক দিয়ে যাতায়াত করে।”

সড়ক সম্প্রসারণে এখন প্রয়োজনীয় বরাদ্দ রয়েছে জানিয়ে তিনি বলেন, ৩১ কোটি টাকার কাজ শেষ হয়েছে। চলতি অর্থ বছরে আরো ৫ কোটি টাকার কাজ হবে। আগামী অর্থবছরে একসঙ্গে ২০ কোটি টাকা দেয়া হবে।

চার বছরে প্রকল্পের কত শতাংশের কাজ শেষ হয়েছে জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, “৩১ শতাংশ কাজ শেষ হয়েছে। ২০১৫ সালে সম্পূর্ণ কাজ শেষ হবে।”

নাম প্রকাশে অনিচ্ছুক সওজের এক কর্মকর্তা বলেন, ২০১৩-১৪  অর্থ বছরে এ প্রকল্পে ৫০ কোটি টাকা বরাদ্দ চাওয়া হলেও মিলেছিল ১০ কোটি টাকা।

২০১০ সালে শুরু হওয়া প্রকল্পটির কাজ শেষের সময় নির্ধারণ হয় ২০১৩ সালের ডিসেম্বর। পরে বাড়িয়ে তা ২০১৪ সালের ডিসেম্বর পর্যন্ত করা হয়।

সওজ চট্টগ্রামের নির্বাহী প্রকৌশলী রাশেদুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রকল্পের মেয়াদ ২০১৬ সালের ডিসেম্বর পর্যন্ত বাড়ানোর আবেদন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

উত্তেজিত হয়ে সাংবাদিক পরিচয় দিলেন কাদের

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চার লেইনে উন্নীত করার বিষয়ে এক সাংবাদিকের প্রশ্নে উত্তেজিত হয়ে সাংবাদিক হিসেবে নিজের এক সময়কার কাজ করার কথা তুলে ধরলেন ওবায়দুল কাদের।

চট্টগ্রাম যাওয়ার আগে ফেনীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লেমুয়া সেতু প্রকল্পের অগ্রগতির খবর নেন ওবায়দুল কাদের।

চট্টগ্রাম যাওয়ার আগে ফেনীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লেমুয়া সেতু প্রকল্পের অগ্রগতির খবর নেন ওবায়দুল কাদের।

চট্টগ্রাম যাওয়ার আগে ফেনীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লেমুয়া সেতু প্রকল্পের অগ্রগতির খবর নেন ওবায়দুল কাদের।

প্রশ্ন-উত্তরের এক পর্যায়ে সময় টিভির প্রতিবেদক হাজেরা শিউলি ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্পের অগ্রগতির খবর মন্ত্রীর কাছে জানতে চান।

শুরুতে প্রকল্পটির অগ্রগতির বিষয়ে মন্ত্রী বিভিন্ন তথ্য তুলে ধরে বলেন, সিনো হাইড্রোর (চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান) সাতটি প্যাকেজ নিয়ে আলোচনা হবে। চীনের বেইজিং থেকে তাদের প্রতিনিধি দলও এসেছে।

এসময় উপস্থিত স্থানীয় অধিবাসীরা অক্সিজেন-হাটহাজারী প্রকল্প নিয়ে মন্ত্রীর সঙ্গে কথা বলতে চাইলে তিনি বলেন, সাংবাদিকরা প্রশ্ন শেষ করলে এই বিষয়ে কথা বলবের তিনি।

এরপর অক্সিজেন-হাটহাজারী প্রকল্প ও বিআরটিসি বিষয়ে আরো তিনটি প্রশ্নের উত্তর দেন মন্ত্রী।

তারপর সময় টিভির ওই প্রতিবেদক প্রশ্ন করেন, “সিনো হাইড্রো না কি রাজনৈতিক অস্থিরতার কারণে কাজ করতে না পারায় ক্ষতিপূরণ দাবি করতে পারে “

তখন ওবায়দুল কাদের উত্তেজিত হয়ে বলেন, “দেখুন আমিও সাংবাদিক ছিলাম। দেশের কথা ভেবে কাজ করবেন। প্রশ্ন করবেন। দেশের স্বার্থ আগে। এটা ফেয়ার না।”

ছাত্রলীগের সাবেক সভাপতি ওবায়দুল কাদের এক সময় দৈনিক বাংলার বাণীতে কাজ করতেন। শেখ ফজলুল হক মনি সম্পাদিত সংবাদপত্রটি এখন বিলুপ্ত।  এর সর্বশেষ সম্পাদক ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম।

যোগাযোগমন্ত্রী বলেন, “সিনো হাইড্রোর সাথে আমরা আলোচনা করতে চাই বলেই তাদের জিএম (ম্যানেজমেন্ট) ও ডেপুটি ম্যানেজার বাংলাদেশে এসেছেন। তাদের কথা শুনব। আলোচনা করব। পরে কী হয়, সেটা আপনাদের জানাব।”

এরপর আর কোনো প্রশ্নের জবাব না দিয়ে নিজের গাড়ির দিকে যেতে উদ্যত হন মন্ত্রী। কয়েক পা এগিয়ে আবার থেমে ওই প্রতিবেদকের উদ্দেশে বলেন, “এটা আনফেয়ার জার্নালিজম। সময় টিভিকে আমি আপনার বিষয়টি জানাব।”

এর আগে মন্ত্রী জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ৫০ কিলোমিটার অংশের কাজ শেষ হয়েছে।

১৯২ কিলোমিটার দীর্ঘ প্রকল্পের ১৮২ কিলোমিটারের মাটির কাজ শেষ হয়েছে। ৯৭ কিলোমিটারের ভিত্তির (বেইস) কাজ শেষ। ২৩টি সেতুর মধ্যে ১৫টি, ২৪৪টি কালভার্টের মধ্যে ১৩২টি এবং ১৪টি বাইপাসের মধ্যে ১৩টির কাজ শেষ।