ঢাকায় চুলার আগুনে দম্পতি দগ্ধ
রাজধানীর আজিমপুরে সরকারি কোয়ার্টারে অগ্নিদগ্ধ হয়েছেন এক দম্পতি।
শনিবার সকালে চুলা থেকে দুজনের গায়ে আগুন ধরে বলে তাদের প্রতিবেশী ও স্বজনরা জানিয়েছেন।
অগ্নিদগ্ধ মো. সালামত হোসেন (৫৫) পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা। তিনি এবং তার স্ত্রী লাভলী বেগম (৪৫) বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
সালামত আজিমপুর স্টাফ কোয়ার্টারের ৪৬/আই নম্বর ভবনের তৃতীয় তলায় পরিবার নিয়ে থাকতেন।
সেখান থেকে স্বামী-স্ত্রীকে সকাল ৭টায় হাসপাতালে আনা হয় বলে ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
তিনি বলেন, সালামতের শরীরের ৩০ ভাগ এবং লাভলীর শরীরের ৪৮ ভাগ পুড়ে গেছে। লাভলীর অবস্থা গুরুতর হওয়ায় তাকে আইসিইউতে রাখা হয়েছে।
আহতদের প্রতিবেশী মো. মনির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ভোরে হঠাৎ চিৎকার শুনে আমরা ছুটে গিয়ে দেখি, দুজনের শরীরের বিভিন্ন অংশ আগুনে ঝলসে গেছে।”
লাভলীর ভাবি মুন্নী বেগম বলেন, অফিসের একটি বনভোজনে গাজীপুর যাওয়ার কথা ছিল তাদের। এজন্য গোসলের পানি গরম করতে চুলা জ্বালালে হঠাৎ আগুন জ্বলে উঠে।
“দুজনে মিলে আগুন নেভাতে গেলে তা শরীরে ছড়িয়ে পড়ে,” বলেন তিনি।
সালামত-লাভলীর দুই সন্তানের মধ্যে বড় মেয়ে অগ্রণী গার্লস স্কুল ও কলেজে পড়ে, ছেলে নূর মোহাম্মদ পাবলিক স্কুল ও কলেজের ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী।
গ্যাস লাইনে সমস্যা হওয়ায় চুলা থেকে আগুন লেগেছে বলে ধারণা ওই ভবনের বাসিন্দা স্বাস্থ্য মন্ত্রণালয়ের অফিস সহকারী মনিরের, যিনি সালামত-লাভলীর বাড়িতে ছুটে গিয়েছিলেন।
তিনি বলেন, দুই মাস আগে ওই ভবনের তৃতীয় তলার আরেকটি ফ্লাটে গ্যাসের চুলায় হঠাৎ বিস্ফোরণ হলে একজন মারা যায়।
ওই ঘটনার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ গ্যাসের লাইন মেরামত ও ভবনের গ্যাসের লাইন পরিদর্শন করাসহ কোনো ধরনের উদ্যোগই নেয়নি বলে অভিযোগ করেন তিনি।
মনির বলেন, “এ কারণেরই হয়ত আবার গ্যাস লাইনের সমস্যা থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।”
