২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চলন্ত ট্রেন থেকে পড়ে টিটিই আহত

রাজশাহীগামী আন্তঃনগর সিল্কসিটি এক্সপ্রেস থেকে পড়ে আহত হয়েছেন এক টিটিই (টিকিট চেকার)।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2014, 02:55 PM

Updated : 22 Aug 2022, 05:50 PM

নুর ইসলাম (৪৮) নামে ওই টিটি পড়ার পর জ্ঞান হারিয়ে ফেলেন। প্রায় আট ঘণ্টা পর তার জ্ঞান ফেরে বলে রাজশাহী জিআরপি থানার এসআই আফজাল হোসেন জানিয়েছেন।

নূর ইসলাম রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তার ডান হাত, হাঁটু ও মাথায় জখম হয়েছেন।

এসআই আফজাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে বাঘার আড়ানী ও লোকমানপুর স্টেশনের মাঝামাঝি জিনা এলাকায় রেল লাইনের পাশে নূর ইসলামকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা রাজশাহীগামী মহানন্দা ট্রেন থামিয়ে তাকে তুলে দেয়।

রাজশাহী মেডিকেল কলেজে ভর্তির পর সকাল ৫টার দিকে নূর ইসলামের জ্ঞান ফেরে বলে আফজাল জানান।

নুর ইসলাম সিল্ক সিটিতে দায়িত্ব পালন করছিলেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক ফেরদৌস আলম।

তিনি বলেন, নূর ইসলাম লোকমানপুর স্টেশনে নেমেছিলেন, কিন্তু ট্রেনটি ছেড়ে দিলে তিনি দৌড়ে পেছনের একটি বগির দরজায় ঝুলে পড়েন এবং এক পর্যায়ে পড়ে যান।