পাবনা মানসিক হাসপাতালে ‘মারামারিতে’ মৃত্যু
পাবনা মানসিক হাসপাতালে এক রোগীর হামলায় আরেক জনের মৃত্যু হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
শনিবার সকালে মারা যাওয়া জয়নাল আবেদীন (৩২) নাটোরের বড়াইগ্রামের নেংটাদহ গ্রামের মৃত লঘু শেখের ছেলে। তিনি হাসপাতালের ৯ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন।
হাসপাতালের পরিচালক ডা. আব্দুর রাজ্জাক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই ওয়ার্ডের আরেক রোগী আশরাফ আলীর সঙ্গে জয়নালের কথাকাটাকাটি হয়।
“এক পর্যায়ে দুজনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এক পর্যায়ে জয়নালকে শ্বাসরোধে হত্যা করে আশরাফ।”
তবে অন্যান্য রোগীর স্বজনদের অভিযোগ, হাসপাতালে চিকিৎসার নামে রোগীদের শারীরিক নির্যাতন করা হয়। আর নির্যাতনেই জয়নাল মারা গেছেন।
সদর থানার ওসি কাজী হানিফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হাসপাতাল কর্তৃপক্ষের কাছে খবর পেয়ে দুপুররে তারা লাশ নিয়ে পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠান।
মৃত্যুর কারণ জানতে চাইলে তিনি বলেন, “ওই রোগীর মৃত্যুর সঠিক কারণ জানতেই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এর চেয়ে আর বেশি কিছু আমার জানা নেই।”
