পিকনিকের গাড়ি উল্টে জামালপুরে নিহত ১
একটি কারখানার শ্রমিকদের পিকনিকে ব্যবহৃত পিকআপ জামালপুরে খাদে পড়ে উল্টে পড়ে একজন নিহত এবং অন্তত ১৫ জন আহত হয়েছে।
শুক্রবার রাত আটটার দিকে জামালপুর-টাঙ্গাইল মহাসড়কের খুনি বটতলা এলাকায় এ দুর্ঘটনায় নিহত জামাল শেখ (৪৫) সরিষাবাড়ি পৌরসভার তারিয়াপাড়া গ্রামের মৃত লিচু শেখের ছেলে।
জামালপুর সদর উপজেলার নারায়ণপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (উপ-পরিদর্শক) মুহাম্মদ মহব্বত কবীর জানান, সরিষাবাড়ির আলহাজ্ব জুটমিলের শ্রমিকরা শেরপুরের মধুটিলা পিকনিক স্পট থেকে ফেরার সময় জামালপুর সদর উপজেলার খুনি বটতলা এলাকায় তাদের বহনকারী পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই জামাল নিহত হন।
এরপর পুলিশ ও দমকল বাহিনীর কর্মীরা আহতদেরকে উদ্ধার করে। তাদের মধ্যে নয়জনকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
