২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামের ‘বন্দুকযুদ্ধে’ পর গুলিবিদ্ধ ডাকাত গ্রেপ্তার

চট্টগ্রামের লোহাগাড়ায় কথিত বন্দুকযুদ্ধে পর ডাকাতির মামলার এক আসামিকে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2014, 08:32 PM

Updated : 01 Sep 2026, 12:34 PM

শুক্রবার দুপুরে উপজেলার আঁধার মানিক এলাকা থেকে নুরুন নবী ওরফে নুর হোসেনকে (৪০) গ্রেপ্তার করা হয়। তিনি স্থানীয় আব্দুল মাবুদের ছেলে।

গ্রেপ্তারের সময় তার ছুরির আঘাতে লোহাগাড়া থানার এসআই জসীম উদ্দিন ও এএসআই নুরুল হক আহত হয়েছেন বলে দাবি করেছে পুলিশ।

লোহাগাড়া থানার ওসি মো. শাহজাহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আগের একটি ডাকাতির মামলার আসামি নুর হোসেনকে গ্রেপ্তারের জন্য দুপুরে আঁধার মানিক এলাকায় অভিযান শুরু হয়।

“পুলিশের উপস্থিতি টের পেয়ে নুরুন নবী ও তার সহযোগীরা গুলি শুরু করলে পুলিশও পাল্টা গুলি ছোড়ে।”

পরে ডান পায়ে গুলিবিদ্ধ নুর হোসেনকে গ্রেপ্তার করা হলেও তার সহযোগীদের ধরতে পারেনি পুলিশ।

এসময় তার কাছ থেকে একটি এলজি, গুলি ও একটি ছোরা উদ্ধার করা হয় বলে জানান শাহজাহান।

আহত নুর হোসেনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

এএসআই নুরুল হক বলেন, গ্রেপ্তারের সময় ডাকাত নুর হোসেন তাকে ছুরি দিয়ে আঘাত করে পিস্তল ছিনিয়ে নেয়ার চেষ্টা করে এবং এসআই জসীম উদ্দিনের পায়ে আঘাত করে।