৩ বিজয়ী নারীকে অগ্রণী ব্যাংকের সম্মাননা
বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য দেশের তিন বিশিষ্ট নারীকে সম্মাননা দিয়েছে অগ্রণী ব্যাংক।
তারা হলেন- একাত্তরের গেরিলা মুক্তিযোদ্ধা তারামন বিবি বীর প্রতীক, বাংলাদেশের প্রথম নারী স্পিকার শিরিন শারমিন চৌধুরী ও এভারেস্টজয়ী প্রথম বাংলাদেশি নারী নিশাত মজুমদার।
শুক্রবার বিকালে রাজধানীর রূপসী বাংলা হোটেলে তাদের হাতে ‘অগ্রণী ব্যাংক নারী সম্মাননা-২০১৪’ তুলে দেন বাংলাদেশ ব্যাংকের গর্ভনর আতিউর রহমান।
সম্মাননা স্মারক ছাড়াও তাদেরকে উত্তরীয় ও এক লাখ টাকার চেক দেওয়া হয়।
সম্মাননা পেয়ে মুক্তিযোদ্ধা তারামন বিবি যুদ্ধক্ষেত্রে নিজের অভিজ্ঞতা তুলে ধরেন।
তিনি বলেন, “অনেক কষ্ট করে সোনার বাংলা স্বাধীন করেছি। সোনার বাংলা যেন সোনাই থাকে। সেটাই চাই।”
স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেন, “স্পিকার হিসেবে নয় সংসদে নারীর প্রতিনিধিত্ব করি আমি। নিজের দায়বদ্ধতা থেকেই নারী উন্নয়নে কাজ করছি।”
নারীর অধিকারের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার জন্য দেশের মানুষের প্রতি আহ্বান জানান তিনি।
সম্মাননায় পাওয়া এক লাখ টাকা প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দেওয়ার ঘোষণা দেন স্পিকার।
অনুষ্ঠানে গর্ভনর বলেন, “আমাদের জনসংখ্যার অর্ধেক নারীর বেশির ভাগই গৃহিনী। আমি চাই নারীরা অর্থনীতিতে অবদান রাখতে কর্মক্ষেত্রে আসুক।”
অনুষ্ঠানে অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক বজলুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আবদুল হামিদ ও ডাকসুর সাবেক ভিপি অধ্যাপক মাহফুজা খানম।
