অটোরিকশা ছিনতাইকারী চক্রের ৯ জন গ্রেপ্তার
কিশোরগঞ্জে অটোরিকশা ছিনতাইকারী চক্রের নয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে ছিনতাই হওয়া ছয়টি অটোরিকশা।
পুলিশ জানায়, কিশোরগঞ্জ সদর ও পাকুন্দিয়া উপজেলার বিভিন্ন এলাকায় রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন রাসেল (২১), শাহীন (২২), সুজন (২০), রুবেল (২৫), মিজান (১৯), মলয় মিয়া (২০), নুর মোহাম্মদ (৩০), হানিফ (২৮) ও ছাদেক হোসেন (২৫)। এদের বাড়ি কিশোরগঞ্জ সদর ও পাকুন্দিয়া উপজেলার বিভিন্ন গ্রামে বলে জানায় পুলিশ।
জেলার এএসপি আনোয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আসামিরা দীর্ঘদিন ধরে চালকদের হত্যাসহ বিভিন্ন কায়দায় অটোরিকশা ছিনতাইয়ের সঙ্গে জড়িত।
তাদের প্রত্যেকের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।
গত ২৪ ডিসেম্বর জেলা শহরের বত্রিশ এলাকায় পলাশ চন্দ্র দাশ নামে এক চালককে হত্যা করে তার অটোরিকশা ছিনতাই করা হয়।
এ হত্যা ও ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকার কথা আসামিরা স্বীকার করেছে বলেও জানান তিনি।
