২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আচরণবিধি: গোদাগাড়ীতে তিন প্রার্থীকে ‘নোটিস’

নির্বচনী আচরণবিধি লঙ্ঘন করে শিক্ষকদের বনভোজনে বক্তব্য দেয়ায় রাজশাহীর গোদাগাড়ী উপজেলা নির্বাচনের তিন প্রার্থীকে কারণ দর্শাতে বলেছেন জেলার রিটার্নিং কর্মকর্তা।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2014, 04:37 PM

Updated : 01 Sep 2026, 12:34 PM

এই তিন প্রার্থী হলেন- আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী এ কে এম আসাদুজ্জামান, ভাইস চেয়ারম্যান প্রার্থী খায়রুল ইসলাম ও নারী ভাইস চেয়ারম্যান প্রার্থী হোসনে আরা।

রিটার্নিং অফিসারের নোটিস পাওয়ার বিষয়টি স্বীকার করে আসাদুজ্জামান শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ২৪ ঘণ্টার মধ্যে তাদের নোটিসের জবাব দিতে বলা হয়েছে।

জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, গোদাগাড়ীর ১৫৮টি প্রাথমিক বিদ্যালয় একসঙ্গে ছুটি দিয়ে বৃহস্পতিবার বনভোজন করেন ৮২০ জন শিক্ষক। ওই বনভোজনে অংশ নেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওমর ফারুক চৌধুরী, আসাদুজ্জামান খায়রুল ইসলাম ও হোসনে আরা।

“যে শিক্ষকরা সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসারের দায়িত্ব পালন করবেন, তাদের বনভোজনে অংশ নিয়ে তিন প্রার্থী ভোট চেয়েছেন বলে অভিযোগ রয়েছে।”

অন্য প্রার্থীর কাছ থেকে এ ব্যাপারে অভিযোগ পেয়েই কারণ দর্শাতে বলা হয়েছে বলে জানান তিনি।