২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুর মেডিকেলে নবিশ চিকিৎসকদের ধর্মঘট

রোগীর স্বজনদের হাতে লাঞ্ছিত হওয়ার ঘটনায় শিক্ষানবিশ চিকিৎসকদের ধর্মঘটের পঞ্চম দিনেও কোনো সুরাহা হয়নি।

ফরিদপুর প্রতিনিধি

টেকনাফ ও কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2014, 07:14 PM

Updated : 01 Sep 2026, 12:33 PM

বৃহস্পতিবার ধর্মঘটে আন্দোলনকারীদের সঙ্গে একাত্ম হয়েছে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ)।

সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত সকল চিকিৎসকের কর্মবিরতির কারণে পাঁচশ শয্যার এই হাসপাতালে ফরিদপুরসহ আশপাশের জেলা থেকে আসা রোগীরা ঠিকমতো চিকিৎসা পাচ্ছে না। দুপুরের দিকে হাসপাতালের নতুন ভবনের সামনে বিক্ষোভও করেন রোগীর স্বজনরা।

তবে, চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে না জানিয়ে হাসপাতালের তত্ত্বাবধায়ক ওমর ফারুক খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “চিকিৎসা চলছে। রোগীদের কোনো সমস্যা হচ্ছে না।”

রাজবাড়ীর পাংশা উপজেলা থেকে আসা সুরুজ নামের এক রোগী বলেন, ডাক্তারদের ঝামেলার কারণে নামমাত্র চিকিৎসা চলছে। আমার অপারেশন করার কথা ছিল, অথচ কর্মবিরতির কারণে তাতে দেরি হচ্ছে।

সুফিয়া নামের এক রোগী বলেন, “হাসপাতালে এসে বিপদে পড়েছি। যতদ্রুত সম্ভব ডাক্তাররা কাজে ফিরবেন এটাই আশা করি। যাতে আমরা দ্রুত সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারি।”

গত ১ ফেব্রুয়ারি রোজিনা আক্তার (৩৫) নামের এক রোগীর মৃত্যু হয়। চিকিৎসা সেবা নিয়ে স্বজনদের সঙ্গে বাকবিতণ্ডার এক পর্যায়ে শিক্ষানবিশ চিকিৎসক মাহফুজ লাঞ্ছিত হন।

এর প্রতিবাদে এবং যারা লাঞ্ছিত করেছে তাদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে ‘ইন্টার্নি চিকিৎসক পরিষদ’  ২ ফেব্রুয়ারি থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করে।

পরিষদের সভাপতি ডা. রবি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোজিনা আক্তার অন্য কোথাও  তাঁর পাঁচ মাস বয়সী বাচ্চার গর্ভপাত করান। এতে গুরুতর অসুস্থ হয়ে তিনি হাসপাতালের গাইনি বিভাগে ভর্তি হন। কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে বাঁচাতে অনেক চেষ্টাও করেছিলেন। কিন্তু তাঁকে বাঁচানো যায়নি।

তিনি বলেন, “ওই রোগী মারা যাওয়ার পর স্বজনরা ক্ষুব্ধ হয়ে চিকিৎসক মাহফুজকে মারধর করে।”

হাসপাতালের তত্ত্বাবধায়ক ফারুক জানান, রোজিনার ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিষয়টি আরো পরিষ্কার হয়ে যাবে।

এ ঘটনায় থানায় মামলা হয়েছে, জেলা প্রশাসককে জানানো হয়েছে। ধর্মঘট প্রত্যাহারের জন্য ইন্টার্নি চিকিৎসকদের সঙ্গে আলোচনাও চলছে।

ডা. ফারুক বলেন, “এ বিষয়ে কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা না নিলে চিকিৎসকদের আন্দোলন আরো তীব্র হতে পারে। এরই মধ্যে বিএমএ আন্দোলনের সঙ্গে এক হয়েছেন।”

কোতোয়ালি থানার ওসি সৈয়দ মোহসিনুল হক জানান, চিকিৎসক লাঞ্ছিত হওয়ার ঘটনায় থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে করে মামলা হয়েছে। তাদের খুঁজে বের করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।