২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশুলিয়ায় ২০ লাখ টাকা ছিনতাই, আটক তিন

ঢাকার আশুলিয়ায় একটি পোশাক কারখানার শ্রমিকদের বেতনের ২০ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2014, 09:45 PM

Updated : 01 Sep 2026, 12:33 PM

বুধবার ব্যাংক থেকে এ টাকা তুলে আশুলিয়ার চিত্রসাইল এলাকার ‘লিটল স্টার স্পিনিং লিমিটেড’ কারখানায় যাওয়ার পথে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছ।

এ ঘটনায় জড়িত সন্দেহে কারখানাটির তিন কর্মকর্তাকে আটক করেছে পুলিশ।

এরা হলেন কারখানাটির প্রধান হিসাবরক্ষক হেমায়েত মল্লিক, স্টোর সহকারী হেমায়েত উদ্দিন ও তাদের বহনকারী পিকআপ চালক আব্দুল মজিদ।

লিটল স্টার স্পিনিং লিমিটেড কারখানার ব্যবস্থাপক (টেকনিক্যাল) মুকুল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আশুলিয়ার জামগড়া এলাকর ডাচ বাংলা ব্যাংক থেকে ২০ লাখ টাকা উত্তোলন করেন প্রধান হিসাবরক্ষক হেমায়েত মল্লিক।

পরে কারখানার পিকআপযোগে চিত্রসাইল এলাকায় কারখানাটি উদ্দেশে রওনা দেন তারা। এসময় গাড়িতে চালক ও স্টোর সহকারীও ছিলেন।

পথে আইডিএস গ্রুপের সামনে পৌঁছলে দুটি মটরসাইকেলযোগে আসা দুর্বৃত্তরা গাড়িটির গতিরোধ করে টাকা ছিনতাই করে নিয়ে যায়।

তিনি আরো বলেন, কারখানাটির প্রায় ৬শ’ শ্রমিককে বেতন দেয়ার কথা ছিল। সেই বেতনের টাকাই ব্যাংক থেকে উত্তোলন করে আনা হচ্ছিল।

এ ঘটনায় আশুলিয়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আশুলিয়া থানার ওসি শেখ বদরুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, যেখানে ছিনতাইয়ের ঘটনার কথা তারা বলছে সেখানে এ ধরনের কোনো ছিনতাইয়ের ঘটনা ঘটেনি বলে স্থানীয়রা জানিয়েছেন।

প্রাথমিকভাবে এ ছিনতাইয়ের সাথে প্রধান হিসাবরক্ষক হেমায়েত মল্লিক, স্টোর সহকারী হেমায়েত উদ্দিন ও পিকআপ চালক আব্দুল মজিদ জড়িত সন্দেহে তাদের আটক করা হয়েছে।

থানা হাজতে তাদের জিজ্ঞাসাবাদ চলছে বলেও ওসি জানান।