নোয়াখালী শহরে যুবককে পিটিয়ে হত্যা
নোয়াখালী শহরে জমি নিয়ে বিরোধের জেরে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ।
বুধবার দুপুরে লক্ষ্মীনারায়ণপুরে এ ঘটনায় নিহত নজরুল ইসলাম (৩২) ওই এলাকার সিরাজ মেম্বার বাড়ির মকবুল আহম্মদের ছেলে।
সুধারাম থানার ওসি মোশাররফ হোসেন তরফদার বলেন, এ ঘটনায় স্থানীয় কবীর আহমেদের ছেলে ইবাল হোসন রাজুকে আটক করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১টার দিকে জমি নিয়ে নজরুলের সঙ্গে তার চাচাত ভাই রাজুর বাকবিতণ্ডা হয়। এ সময় নজরুলকে এলোপাতাড়ি মারধরের এক পর্যায়ে সজোরে লাথি দেয় রাজু। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
ওসি মোশাররফ হোসেন তরফদার জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
