২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যমুনায় ট্যাংকার বিস্ফোরণের ঘটনায় আরেক কর্মকর্তা বরখাস্ত

রাষ্ট্রায়ত্ত্ব তেল কোম্পানি যমুনা অয়েলে তেল ট্যাংকারে বিস্ফোরণের ঘটনায় গাফিলতির অভিযোগে আরও এক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2014, 11:09 PM

Updated : 01 Sep 2026, 12:33 PM

মঙ্গলবার বরখাস্ত করা হয় প্রতিষ্ঠানটির সহকারী মহাব্যবস্থাপক (টার্মিনাল) আবুল বাশারকে।

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) চেয়ারম্যান ইউনুসুর রহমান জানান, তদন্ত কমিটির দেয়া প্রতিবেদনে প্রাথমিকভাবে গাফিলতির প্রমাণ পাওয়ায় আবুল বাশারকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

এর আগে গত শনিবার এর জ্যেষ্ঠ কর্মকর্তা (অপারেশন) মুশফিকুর রহমানকে বরখাস্ত করা হয়।

গত শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রামের ইপিজেড এলাকায় যমুনা অয়েলের ডিপোতে ট্যাংকার বিস্ফোরণে নয় শ্রমিক দগ্ধ হন।

পরদিন ঘটনা তদন্তে বিপিসির পরিচালক (বিপণন) রেজাউন হোসেনকে প্রধান করে পাঁচ সদস্যের কমিটি করা হয়।

সোমবারের মধ্যে তাদের প্রতিবেদন দিতে বলা হয়।

তদন্ত কমিটির দেয়া প্রতিবেদনে বলা হয়, পর্যাপ্ত সতর্কতামূলক ব্যবস্থা না নিয়ে ট্যাংকার পরিষ্কার করতে গেলে বিস্ফোরণের আগুন ধরে যায়।

এ ঘটনায় মুশফিকুর রহমান এবং আবুল বাশারের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ আনা হয়েছে প্রতিবেদনে।

পাশাপাশি কোম্পানির শীর্ষ ব্যবস্থাপনার গাফিলতি ছিল বলে উল্লেখ করা হয়েছে।