‘ধরে নিয়ে হত্যার পর বন্দুকযুদ্ধের কথা’
র্যাব বললেও ঢাকার কদমতলীতে একদিন আগে নিহত দুই ব্যক্তির পরিবারের সদস্যদের দাবি, সেখানে কোনো বন্দুকযুদ্ধই হয়নি।
নিহত মোহাম্মদ ওয়াসিমের স্ত্রী সোনিয়া বেগম বলছেন, তার স্বামীকে বাথরুম থেকে ধরে নিয়ে গুলি চালিয়ে হত্যা করা হয়।
“কিসের ‘বন্দুকযুদ্ধ’, ধরে নিয়ে র্যাব হত্যা করেছে দুজনকেই,” এই বক্তব্য নিহত অন্যজন সংগ্রাম চৌধুরীর স্ত্রী সালমা চৌধুরীর।
সোমবার র্যাব কথিত ‘বন্দুকযুদ্ধ’ নিয়ে মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এই প্রতিক্রিয়া জানান তারা।
তবে র্যাব তাদের আগের বক্তব্যেই অটল। নিহতদের স্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়ায় র্যাব-১০ এর অধিনায়ক খন্দকার গোলাম সারোয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “স্বজনরা অনেক কথাই বলতে পারে, তবে আমাদের সঙ্গে তাদের গোলাগুলি হয়েছে।”
র্যাবের বক্তব্য অনুযায়ী,অপহরণ করে কয়েকজনকে আলমবাগে ওয়াসিমের বাড়িতে আটক রাখার খবর পেয়ে তারা অভিযান চালায়। তখন ওয়াসিম গুলি চালাতে চালাতে সিঁড়ি দিয়ে নামার সময় র্যাবের মুখোমুখি হয়ে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন।
নিহত অন্যজনের নাম সংগ্রাম চৌধুরী । তিনি ওয়াসিমের আরো সহযোগীদের সঙ্গে পাইপ বেয়ে নামার সময় গুলিবিদ্ধ হয়ে মারা যান বলে র্যাবের দাবি।
র্যাবের এই বক্তব্য প্রত্যাখ্যান করে সোনিয়া বলেন, দিনে-দুপুরে বাথরুমের দরজা ভেঙে তার স্বামীকে বের করে নিয়ে গুলি চালিয়ে হত্যা করা হয়।
“র্যাব ভবনের আসার খবর শুনে ওয়াসিম বাথরুমে লুকিয়েছিল। ওই সময় আমার বোন আয়েশা বাথরুমে ছিল।আমি ভেবেছিলাম, ভেতরে নারীর কণ্ঠ শুনলে র্যাব চলে যাবে।”
“কিন্তু আমার বোনের কণ্ঠ শোনার পরও তারা (র্যাব) কিছুক্ষণ অপেক্ষা করে লাঠি মেরে বাথরুমের দরজা ভাঙে। প্রথমে আমার বোনকে এবং পরে স্বামীকে টেনে বের করে।”
সাততলা ওই ভবনের সপ্তম তলায় ওয়াসিমের বাসা। ওই সময় বাসায় স্ত্রী ও শ্যালিকা ছাড়াও ছিলেন ওয়াসিমের শাশুড়ি শিরিন আক্তার এবং তার তিন শিশু সন্তান।
শিরিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুর ১২টার দিকে বাসার পূর্ব পাশে গুলির আওয়াজ শুনতে পান তিনি। এরপর জানালা দিয়ে তাকিয়ে দেখেন, বাসার চারদিকে র্যাব। পূর্ব পাশের বাড়ির ছাদেও র্যাব সদস্যরা অবস্থান নিয়েছে।
শিরিন জানান, ওই সময় ওয়াসিম ঘুমাচ্ছিলেন। বাইরে থেকে দরজার ধাক্কাধাক্কির শব্দ শুনে ওয়াসিমকে তারা বাথরুমে ঢুকিয়ে দেন।
“এরপরদরজা খুলে দিলে ১০/১২ জন ঘরে ঢোকে, তাদের কারো পরনে র্যাবের পোশাক ছিল না। ‘ওয়াসিম কোথায়’- জানতে চাইলে আমরা বলি সে অনেক দিনে ধরে বাসায় আসে না।”
তবে তারা এই কথা বিশ্বাস না করে বাথরুমে কে জানতে চায়। এরপর বাথরুমের দরজা ভাঙে বলে দাবি করেন শিরিন।
“তারা ওয়াসিমকে টেনে-হিঁচড়ে বের করে ঘরের মূল দরজার কাছে নিয়ে যায়। তারা দরজা বাইরে থেকে আটকে দেয়। এরপর চার/পাঁচটি গুলির শব্দ শুনতে পাই।”
অভিযানের সময় ওয়াসিমের বাড়ি থেকে নয় রাউন্ড গুলিসহ দুটি পিস্তল পাওয়া গেছে বলে দাবি করেন র্যাব কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল সারোয়ার।
রাজধানীর কদমতলীতে র্যাবের কথিত বন্দুকযুদ্ধে নিহত মোহাম্মদ ওয়াসিম ও তার স্ত্রী সোনিয়া বেগম।
ওয়াসিমের কাছে কোনো অস্ত্র ছিল কি না- জানতে চাইলে সোনিয়া ক্ষুব্ধ কণ্ঠে বলে ওঠেন, “ভাই, বাথরুম থেকে টেনে-হিঁচড়ে বের করেছে, অস্ত্র আসবে কোত্থেকে। সবই সাজানো নাটক।”
নিহত সংগ্রামের বড় ভাই প্রিন্স মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঘটনার সময় সংগ্রাম ওই বাড়ির ষষ্ঠ তলায় ছিলেন। পাইপ বেয়ে নিচে নামার সময় পায়ে গুলিবিদ্ধ হন তিনি।
“পায়ে গুলি লাগলে পাশের একটি টিনশেড ঘরের ওপর পড়েন সংগ্রাম। পরে নিচে নেমে রিকশায় করে হাসপাতালে যাওয়ার সময় র্যাব তাকে ধরে আনে। এরপর ওয়াসিমের বাড়ির সামনে নিয়ে তাকে গুলি করে।”
নিহতদের স্বজনদের বর্ণনার বিষয়ে র্যাব কর্মকর্তা সারোয়ার বলেন, “কাউকে বাথরুম থেকে ধরে আনা হয়নি। ওয়াসিমের সঙ্গে সিঁড়িতে বন্দুকযুদ্ধ হয়। আর সংগ্রামসহ তাদের আরো সঙ্গী পাইপ বেয়ে নিচে নেমে পালানোর সময় র্যাবকে লক্ষ করে গুলি ছোড়ে। ওই সময় র্যাবও পাল্টা গুলি চালালে সংগ্রাম আহত হন।”
গুলিবিদ্ধ সংগ্রাম ও ওয়াসিমকে মিটফোর্ড হাসপাতালে নেয়া হলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
র্যাব কেন ওয়াসিমকে মারবে- জানতে চাইলে তার স্ত্রী সোনিয়া বলেন, “আট মাস আগে আমার স্বামীকে একবার র্যাব ধরে নিয়ে গিয়েছিল। কিন্তু একদিন পর ৬০ লাখ টাকার বিনিময়ে ছেড়ে দেয়।”
সোনিয়ার এই অভিযোগের বিষয়ে র্যাব কর্মকর্তা সারোয়ার বলেন, আট মাস আগে ওয়াসিমকে ধরে নেয়ার কোনো ঘটনা ঘটেনি।
র্যাবের দাবি, আশেপাশের এলাকায় সিএনজি অটোরিকশা থেকে চাঁদা আদায় করতেন ওয়াসিম। আর সংগ্রাম ছিলেন তার সহযোগী। তাছাড়া মুক্তিপণের জন্য অপহরণও করতেন তারা।
র্যাব জানায়, ‘বন্দুকযুদ্ধের’ পর ওয়াসিমের বাড়ির চিলেকোঠায় আটকে থাকা অবস্থায় আকতার (৪৮), জাহাঙ্গীর (২৬), রানা (২৬) এবং জনি (২৭) নামে চারজনকে উদ্ধার করা হয়, যাদের অপহরণ করা হয়েছিল।
সোনিয়া বলেন, “র্যাব যে চারজনের কথা বলেছে, তারা সবাই আমার স্বামীর কর্মচারী। আকতার ঘটনার সময় ভবনের ছয়তলার অফিসে ছিল। জনি ছিল বাইরে। রানা ও জাহাঙ্গীর মাঝে মাঝে বাসায় আসত।”
ওয়াসিম কী করতেন- জানতে চাইলে তার স্ত্রী বলেন, গত বছর পোস্তগোলা সেতুর টোলের ইজারা পেয়েছিলেন তার স্বামী। কিন্তু এই বছর পাননি।
তিনি জানান, এই বছর ওয়াসিমের আগের ঘরের বড় সন্তান আলী হোসেনসহ তিনজন ওই সেতুর ইজারা পেয়েছে।
ওয়াসিমের দ্বিতীয় স্ত্রী সোনিয়া। সাততলা ওই বাড়ির পাশের পাঁচতলা বাড়িতে তার প্রথম স্ত্রীর সন্তানরা থাকেন।
সোনিয়া বলেন, ওয়াসিমের কিছু অটোরিকশা আছে, সেগুলো দেখাশোনা করতেন তিনি।
নিহত হওয়া সংগ্রাম চৌধুরী তার স্বামীর বন্ধু বলে সোনিয়া জানান।
বাবা নিহত ‘বন্দুকযুদ্ধে’, মেয়ে পরীক্ষা হলে
দিনে-দুপুরে ‘বন্দুকযুদ্ধ’ ঢাকায়,২ ব্যক্তি নিহত
