২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ৩টি পানি প্রক্রিয়াজাতকরণ প্রতিষ্ঠানকে শাস্তি

বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) অনুমোদন ছাড়াই পানি প্রক্রিয়াজাতকরণ ও বিক্রির অভিযোগে চট্টগ্রামের তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2014, 08:51 PM

Updated : 01 Sep 2026, 12:33 PM

এরমধ্যে একটি প্রতিষ্ঠানে সিলগালা ও দুটিকে জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম মোস্তফার নেতৃত্বে একটি দল নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়।

বিএসটিআই চট্টগ্রাম অঞ্চলিক কার্যালয়ের উপ-পরিচালক মো. শওকত ওসমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভেজাল বিরোধী অভিযানের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়।

এতে জানানো হয়, সিইপিজেড এলাকার আলী শাহ ব্র্যান্ডের পানি প্রক্রিয়াজাতকরণ প্রতিষ্ঠান রহমান এন্টারপ্রাইজ সিলগালা করে দেয় ভ্রাম্যমাণ আদালত।

প্রতিষ্ঠানটির বিরুদ্ধে বিএসটিআইয়ের অনুমোদন না থাকা সত্ত্বেও অবৈধভাবে সংস্থাটির লোগো ব্যবহার করে নোংরা পরিবেশে পানি প্রক্রিয়াজাতকরণের অভিযোগ আনে আদালত।

এছাড়া এভারগ্রিন ড্রিংকস অ্যান্ড বেভারেজ এবং আল মদিনা ড্রিংকস অ্যান্ড বেভারেজ নামে দুইটি পানি প্রক্রিয়াজাতকরণ প্রতিষ্ঠানকে যথাক্রমে ৫০ হাজার ও ২৫ হাজার টাকা করে জরিমানা করা হয়।