নেপালের জলবিদ্যুতে অংশীদার হতে প্রস্তাব হাসিনার
বিদ্যুতের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে নেপালের ভৌগলিক সুবিধা ব্যবহার করে জলবিদ্যুৎ উৎপাদনে অংশীদার হতে দেশটির প্রধানমন্ত্রী সুশীল কৈরালাকে প্রস্তাব দিয়েছেন শেখ হাসিনা।
মঙ্গলবার মিয়ানমারের নে পি টো-তে বিমসটেক সম্মেলনের ফাঁকে আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে নেপালের প্রধানমন্ত্রীকে তিনি এই প্রস্তাব দেন।
সুশীল কৈরালাও দুই দেশের যৌথ অংশীদারিত্বে জলবিদ্যুৎ উৎপাদনে একমত হয়েছেন বলে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল সাংবাদিকদের জানিয়েছেন।
হিমালয় পর্বতের পাদদেশের দেশ নেপালে খরস্রোতা অনেক নদী রয়েছে, যাকে জলবিদ্যুৎ উৎপাদনের জন্য আদর্শ বলে বিবেচনা করা হয়।
হাসিনা বলেন, বাংলাদেশ, ভারত, নেপাল একসঙ্গে জলবিদ্যুৎ উৎপাদনে কাজ করতে পারলে তিন দেশই লাভবান হবে।
দুই দেশের নতুন দুই প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সুশীল কৈরালা উভয়ই পরস্পরকে অভিনন্দন জানান। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে অবদান রাখায় সুশীল কৈরালার প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন হাসিনা।
শাকিল জানান, দুই নেতাই কৃষিভিত্তিক শিল্প এবং পর্যটন শিল্পে এক সঙ্গে কাজ করার বিষয়ে একমত হয়েছেন।
হিমালয়কন্যা নেপাল এবং দীর্ঘতম সৈকতের দেশ বাংলাদেশ পর্যটন শিল্পে একসঙ্গে কাজ করতে পারে বলেও উল্লেখ করেন হাসিনা। বাংলাদেশ থেকে ওষুধ আমদানি করতেও আহ্বান জানান তিনি।
আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতাকে উন্নয়নের পূর্বশর্ত উল্লেখ করে এক্ষেত্রে সহযোগিতা বাড়াতে জোর দেন হাসিনা ও কৈরালা। উন্নয়নের জন্য গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখার কথাও বলেন তারা।
বৈঠকে দুই নেতাই দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আগামীতে আরো মজবুত করার আশা প্রকাশ করেন।
বিমসটেক সম্মেলন শেষে নেপালের প্রধানমন্ত্রীর সঙ্গেই শেষ বৈঠক করেন শেখ হাসিনা। এর আগে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং এবং শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাহিন্দ রাজাপাকসের সঙ্গে বৈঠক করেন তিনি।
মঙ্গলবার স্থানীয় সময় রাত ৮টায় মিয়ানমার থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
আরো ১০০ মেগাওয়াট বিদ্যুতের আশ্বাস ভারতের
ওষুধ-সিরামিক পণ্য নিতে শ্রীলঙ্কাকে আহ্বান হাসিনার
‘সোনার বাংলায় পৌঁছে দেবে বিমসটেক’
