২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় ‘দূষিত পানীয়’ পানে ১৬ শিশু অসুস্থ

‘দূষিত পানীয়’ পান করে খুলনার রূপসা উপজেলায় একটি প্রাথমিক বিদ্যালয়ের ১৬ শিশু শিক্ষার্থী অসুস্থ হয়েছে।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2014, 06:43 PM

Updated : 01 Sep 2026, 12:33 PM

তবে, স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেয়ার পর তারা সুস্থ হয়ে ওঠে বলে হাসপাতাল ও স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে।

মঙ্গলবার সকালে পাথরঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনায় অসুস্থদের রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়।

এ ঘটনায় এ পানীয় বিক্রেতাকে জরিমানা করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) ভ্রাম্যমাণ আদালত।

বিদ্যালয়টির প্রধান শিক্ষক সরদার আব্দুল জলিল জানান, পঞ্চম শ্রেণির ১৩ জন এবং দ্বিতীয় শ্রেণির তিনজন শিক্ষার্থী স্কুলের পাশের একটি দোকান থেকে পলিথিনের টিউবের মধ্যে রাখা হলুদ ও লাল রংয়ের মিষ্টি পানি দিয়ে তৈরি পানীয় পান করে। প্রতিটি টিউব তারা দুই টাকা করে ক্রয় করে।

পান করার কিছু সময় পর তারা বমি, পেটে ব্যথা ও মাথা ঘুরে অসুস্থ হয়ে পড়ে। সঙ্গে সঙ্গে তাদের রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তারা এখন শঙ্কামুক্ত।

তিনি বলেন, “ওই পানীয়ের প্যাকেটের গায়ে পেপসি লেখা ছিল। তবে এটি ব্রান্ডেড পেপসি কোম্পানির পণ্য নয়।”

অসুস্থ্য হওয়া শিক্ষার্থীরা হল আছিয়া (১০), পূজা (১০), বায়েজিদ (১০), হোসাইন (৭), আলাল (১০, ফজলুল (১০), রিফাত (১০), ইসমাইল (১০),  মাহমুদা (১০), ইতি (৭) ও আল-আমিন (৭)।

রূপসার থানা হেলথ অ্যাসিসট্যান্ট (টিএইচএ) উদয় বরণ মন্ডল জানান, দূষিত পানি এবং ক্যামিক্যাল দিয়ে তৈরি ঠাণ্ডা পানীয় পান করার কারণে শিশু শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ে।

তদের সকলেই এখন আশংকামুক্ত বলে জানান তিনি।

রূপসা থানার ওসি রবিউল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ ঘটনায় রূপসার ইউএনও মো. মনিরুজ্জামান ভ্রাম্যমাণ আদালতে পানীয় বিক্রেতা মো. হাফিজ শেখের কাছ থেকে পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করেছেন। এছাড়া তার দোকানের ওই জাতীয় সব পানীয় বাজেয়াপ্ত করেন।