উচ্ছেদ থেকে অন্ধদের রক্ষা কেন নয়: হাই কোর্ট
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার অন্ধেরটেক গ্রামে বাংলাদেশ অন্ধ ব্যবসায়ী কল্যাণ সমিতির সদস্যদের অবৈধ উচ্ছেদ থেকে রক্ষার নির্দেশ কেন দেয়া হবে না তা জানতে চেয়েছে হাই কোর্ট।
এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে মঙ্গলবার বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের বেঞ্চ এই রুল জারি করে।
একইসঙ্গে সমিতির সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে কেন নির্দেশ দেয়া হবে না তা জানতে চেয়েছে আদালত।
পাশাপাশি আবেদনকারী সমিতির সদস্যদের স্থায়ী পুনর্বাসনের জন্য অন্ধেরটেক গ্রামের খাস জমি স্থায়ী বন্দোবস্ত (লিজ) দিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার জন্য বিবাদিদের কেন নির্দেশনা দেয়া হবে না তাও জানতে চাওয়া হয়েছে রুলে।
আদালতে আবেদনকারীর পক্ষে শুনানি করেন ওয়ার্ল্ড ওয়াচ সোসাইটির চেয়ারম্যান অ্যাডভোকেট লুত্ফর রহমান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আল আমিন সরকার।
স্বরাষ্ট্র সচিব, ভূমি সচিব, ভূমি মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব, গাজীপুরের ডেপুটি কালেক্টর, জেলা পুলিশ সুপার, কালিয়াকৈর উপজেলার নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি) ও যমুনা গ্রুপের চেয়ারম্যানকে দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
আবেদনে বলা হয়, বাংলাদেশ অন্ধ ব্যবসায়ী কল্যাণ সমিতির প্রায় ৩৫০ জন সদস্য রয়েছেন। আবেদনকারীরা অত্যন্ত গরীব। তাদের কোনো আয়ের উৎস নেই। কিন্তু পরিবারের ভরণপোষণ করতে হয়। জীবন চালাতে স্থানীয়দের সহায়তায় সেখানে তারা বস্তি নির্মাণ করে বাস করছিলেন। সেখান থেকে তাদের উচ্ছেদ করে যমুনা গ্রুপ।
গত ২৭ ফেব্রুয়ারি দৈনিক বাংলাদেশ প্রতিদিনে ‘অন্ধদের জমি দখল করে মদের কারখানা, প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশও মানছে না যমুনা গ্রুপ’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।
তাতে বলা হয়, গাজীপুরের দৃষ্টিপ্রতিবন্ধী ৪৫টি পরিবারকে ১৪ বিঘা জমি দিয়েছিল শফিপুর বন বিভাগ। ওই জমিতে অন্ধেরটেক পল্লী গড়ে তোলেন স্থানীয় দৃষ্টিপ্রতিবন্ধীরা। কিন্তু ২০০১ সালে যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল তার সন্ত্রাসী বাহিনী দিয়ে সেই জমি দখল করেন। ওই জমি অন্ধদের ফিরিয়ে দিতে ২০০২ সালে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নির্দেশ দেয়া হয়। তারপরেও তাতে কোনো কাজ হয়নি।
প্রতিবেদনে আরো বলা হয়, “গাজীপুর সমাজকল্যাণ পুনর্বাসন সোসাইটির সভাপতি মো. জয়নাল আবেদিন বলেন, 'আমরা অন্ধ কল্যাণ সমিতি গঠন করেছিলাম ১৯৮৫ সালে। সমিতিটি সমাজসেবা অধিদফতর থেকে রেজিস্ট্রেশন করা হয়। আমরা বাড়ি করার জন্য জমি চাইলে তৎকালীন জেলা প্রশাসক আমাদের ওই জায়গাটি দিয়েছিলেন। সেখানে আমরা বাড়ি করে বসবাস করেছি দীর্ঘ ১৫ বছর।”
এখনো সেখানে কিছু অন্ধ পরিবার থাকলেও তাদের উচ্ছেদের চেষ্টা চলছে বলে অভিযোগ রয়েছে।
বাংলাদেশ অন্ধ ব্যবসায়ী কল্যাণ সমিতির মো. সাহাজ উদ্দিন গত ২ মার্চ রিট আবেদনটি দায়ের করেন।
