রায়গঞ্জে দুই গ্রামে সংঘর্ষ, আহত ৩০
দুই ক্ষুদ্র ব্যবসায়ীর মধ্যে বিরোধের জেরে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় গত পঁচদিনে দুই গ্রামের বাসিন্দাদের দফায় দফায় সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছে।
রামেশ্বরগাতী ও গ্রামপাঙ্গাসী গ্রামের বাসিন্দারা শুক্রবার থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত দফায় দফায় সংঘর্ষে বাড়িঘরে হামলা, ভাংচুর ও লুটপাট চালিয়েছে। অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে।
সংঘর্ষে আহত ১০/১২ জনকে সিরাজগঞ্জ সদর হাসপাতাল ও উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও পুলিশ জানিয়েছে।
রায়গঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) ফরিদ উদ্দিন ভুঁইয়া জানান, পুলিশ লাটিপেটা করে ও রাবার বুলেট ছুড়ে গ্রামবাসীদের নিয়ন্ত্রণে আনা হয়। আগুন নিয়ন্ত্রণ করে ফায়ার সার্ভিসের লোকজন। মঙ্গলবার সকাল থেকে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
ফরিদ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ফিরোজ শাহ এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সমস্যা সমাধানে তারা দুইপক্ষের নেতৃস্থানীয়দের সঙ্গে আলোচনা করেছেন।
স্থানীয়রা জানিয়েছে, গত শুক্রবার গ্রামপাঙ্গাসী বাজারে রামেশ্বরগাতির ফরহাদ মেম্বরের ভাই রহিচ উদ্দিন লাউ বিক্রি করতে গেলে গ্রামপাঙ্গাসীর মাংস বিক্রেতা আক্তার হোসেনের মধ্যে কথাকাটি ও মারামারি হয়। এর জেরে দুই গ্রামবাসীর মধ্যে দুই দফা সংঘর্ষ হয়। পরে সোমবার রাতেও তার সংঘর্ষে জড়ায়।
মঙ্গলবার সকালে দেশি অস্ত্র নিয়ে তারা আবারো সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এ সময় গ্রামপাঙ্গাসীর লোকেরা আশপাশের কয়েকটি গ্রামের কয়েকশ লোক রামেশ্বরগাতী ঢুকে অনন্ত ২০টি বসতবাড়ী ভাংচুর-লুটপাট এবং খড়ের গাদা, শ্যালো মেশিন ও আসবাবপত্রে আগুন ধরিয়ে দেয়।
আহতদের মধ্যে রয়েছেন মনোহরপুরের মাজেম, গ্রামপাঙ্গাসীর সোহাগ, সাইফুল খন্দকার, সবুজ ভূঁইয়া, আমিন, সোহরাব, আ. সালাম, রামেশ্বরগাতীর সামিদুল, ফারুক, আব্দুল জলিল, হাফিজুল ও আশরাফ।
