হবিগঞ্জের পাভেল হত্যা মামলায় ২ জনের ফাঁসি
হবিগঞ্জের আলোচিত সৈয়দ রুহুল ইসলাম পাভেল হত্যা মামলায় দুজনকে মৃত্যুদণ্ড এবং দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
মঙ্গলবার দুপুরে সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক দিলীপ কুমার দেবনাথ এই রায় দেন।
মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্তরা হলেন, হবিগঞ্জের মৃত ফরিদ মিয়ার ছেলে পাভেল আহমদ (২৭) এবং আব্দুল খালেকের ছেলে আব্দুর রউফ (৩৪)।
যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন, হবিগঞ্জের মৃত সৈয়দ আব্দুল মতিনের ছেলে গোলাম জিলানী (২৮) ও মৃত রইছ উদ্দিনের ছেলে মো. শাহীন (৩০)।
এদের ১০ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ডাদেশ দেয়া হয়েছে।
অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার তিন আসামিকে আদালত খালাস দিয়েছে বলে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) কিশোর কুমার কর জানিয়েছেন।
২০১০ সালের ২২ নভেম্বর সন্ধ্যায় পাভেল বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেননি। পরে ২৬ নভেম্বর হবিগঞ্জ শহরের পুরাতন হাসপাতাল সড়ক এলাকায় ডা. তপন কুমার দাশ গুপ্তের বাসার সীমানা দেয়াল ও স্থানীয় দৈনিক লোকালয় বার্তা পত্রিকার তৎকালীন অফিস ভবনের মাঝখানে বস্তাবন্দি অবস্থায় তার লাশ পাওয়া যায়।
এ ঘটনায় নিহতের স্ত্রী নাজরাতুল নাইম মৌসুমী বাদি হয়ে সাতজনকে আসামি করে হবিগঞ্জ সদর থানায় মামলা দায়ের করেন।
২০১১ সালের ১৪ মার্চ সাতজনকেই অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। পরের বছর ৯ জানুয়ারি মামলার অভিযোগ গঠন করা হয়।
মোট ৩৬ জনের সাক্ষ্য গ্রহণ শেষে মঙ্গলবার আদালত এ রায় দেয়।
