মানহানির মামলা: যায়যায়দিনের মালিক, সম্পাদক খালাস
সাবেক এক সাংসদের করা মানহানি মামলা থেকে দৈনিক যায়যায়দিনের সম্পাদকসহ চারজনকে খালাস দিয়েছে আদালত।
বাদি আদালতে না আসায় ঢাকার মহানগর হাকিম আসাদুজ্জামান নূর মঙ্গলবার মামলাটি খারিজ করে এই আদেশ দেন।
খালাস পাওয়া চারজন হলেন- যায়যায়দিনের সম্পাদকীয় বোর্ডের চেয়ারম্যান সাঈদ হোসেন চৌধুরী, সম্পাদক কাজী রুকন উদ্দিন, প্রকাশক আবুল আহসান আল ফারুক ও পত্রিকাটির রংপুর প্রতিনিধি সিবু মোস্তাফিজ।
রংপুরের সাবেক সাংসদ আবুল কালাম আজাদ ২০১০ সালের ২৭ অক্টোবর এই মামলা দায়ের করেন।
ওই বছর ২৪ অক্টোবর ‘এমপি হয়ে ধরাকে সরা ভাবছেন পীরগঞ্জের কালাম’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে যায়যায়দিন। এর তিন দিনের মাথায় আবুল কালাম আজাদ মানহানির অভিযোগে এই মামলা দায়ের করেন।
আসামিপক্ষের আইনজীবী মাহবুবুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মামলার কয়েকটি ধার্য তারিখে বাদি আদালতে না আসায় এবং মঙ্গলবার বাদির পক্ষে কোনো পদক্ষেপ না থাকায় বিচারক মামলাটি খারিজ করে দিয়েছেন।
