যুবলীগকর্মী হত্যা: জামায়াত নেতাদের বিরুদ্ধে মামলা
চট্টগ্রামের সাতকানিয়ায় যুবলীগকর্মী হাসান হত্যার ঘটনায় জামায়াতের সাবেক সাংসদ, উপজেলা জামায়াতের সেক্রেটারিসহ ২২ জনকে আসামি করে একটি মামলা হয়েছে।
সাতকানিয়া থানার ওসি খালেদ হোসেন জানান, হাসানের চাচা নুরুল আলম সোমবার রাতে সাতকানিয়া থানায় মামলাটি করেছেন।
মামলায় সাতকানিয়ার সাবেক সাংসদ আ ন ম শামসুল ইসলাম, উপজেলা জামায়াতের সেক্রেটারি মোজাফফর আহমদ, সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য মাহমুদুল হক শিকদার, আবুল বশরসহ ২২ জনকে আসামি করা হয়েছে।
এদিকে মামলার পর সোমবার রাতে দক্ষিণ কাঞ্চনা এলাকা থেকে মাহমুদুল হক শিকদারের ছেলে জসীম উদ্দিনকে (৩৫) গ্রেপ্তার করা হয়েছে।
রোববার সন্ধ্যায় সাতকানিয়ার ফুলতলা বাজারে স্থানীয় জামায়াত ইসলামীর বশর বাহিনীর সদস্যরা হাসানকে গুলি ও কুপিয়ে আহত করে।
গুরুতর আহত অবস্থায় হাসানকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে রাত পৌনে ১০টার দিকে হাসান মারা যায়।
