গুলি এলে তো পুলিশের উপায় থাকে না: প্রতিমন্ত্রী
কথিত বন্দুকযুদ্ধের ঘটনা নিয়ে মানবাধিকার সংগঠনগুলোর সমালোচনার মধ্যে পুলিশের পক্ষে সাফাই গাইলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
পুলিশকে খুন করে পালিয়ে যাওয়ার পর ধরা পড়া জঙ্গি নেতা রাকিবুল হাসানের কথিত বন্দুকযুদ্ধে মারা যাওয়ার ঘটনায় তিনি বলেছেন, “বিপরীত পক্ষ থেকে যদি গুলি আসে, তাহলে তো পুলিশেরও গুলি চালানো ছাড়া আর কোনো উপায় থাকে না।”
প্রতিমন্ত্রীর এই বক্তব্যের দিনই রাজধানীর কদমতলীতে র্যাবের কথিত বন্দুকযুদ্ধে মারা যান দুজন। দুই সপ্তাহ আগে ওই কদমতলীর কাছে যাত্রাবাড়ীতে পুলিশের কথিত বন্দুকযুদ্ধে দুজন নিহত হন, যাদের হত্যা করা হয় বলে পরিবারের অভিযোগ।
গত ২৩ ফেব্রুয়ারি ময়মনসিংহের ত্রিশালে প্রিজন ভ্যানে হামলা চালিয়ে কনস্টেবলকে খুন করে ছিনিয়ে নেয়া হয় জেএমবির তিন নেতাকে। এদের একজন রাকিব কয়েক ঘণ্টার মধ্যে ধরা পড়েন এবং পরদিন টাঙ্গাইলে কথিত বন্দুকযুদ্ধে নিহত হন।
জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন হাতে পেয়ে সোমবার সচিবালয়ে সাংবাদিকদের মুখোমুখি হন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী।
অতিরিক্ত সচিব মো. নাজিম উদ্দিন চৌধুরীকে প্রধান করে গঠিত চার সদস্যের তদন্ত কমিটি রোববার তাদের প্রতিবেদন স্বরাষ্ট্র সচিবের কাছে জমা দেন।
তদন্ত প্রতিবেদনে কী রয়েছে বা কী সুপারিশ করা হয়েছে- জানতে চাইলে মন্ত্রী বলেন, “আমি তদন্ত প্রতিবেদনটি পড়ছি। বিকালে সচিবদের নিয়ে কথা মিটিং করব এবং পরে বিষয়টি প্রধানমন্ত্রীকে জানাব।”
“এটুকু বলতে পারি তদন্ত প্রতিবেদনে যা সুপারিশ করা হয়েছে এবং যাদেরকে দোষী সাব্যস্ত করা হয়েছে, তাদের বিরুদ্ধে যুক্তিযুক্ত ব্যবস্থা নেয়া হবে,” বলেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, জঙ্গিদের পালিয়ে যাওয়ার ঘটনাটি শুনে তিনি ‘চিন্তায়’ পড়েছিলেন।
“গত ২৩ ফেব্রুয়ারিতে ঘটনাটি ঘটার পর যখন শুনেছি তখন চিন্তায় পড়েছি, কেন কিভাবে ঘটল বিষয়টি।”
“জঙ্গিরা ও চিহ্নিত সন্ত্রাসীরা কারাগার থেকে বের হতে চায় না। তারা মনে করে, কারাগারে থেকে তারা তাদের সন্ত্রাসী কার্যকলাপ চালাতে পারবে।”
পালিয়ে যাওয়া দুই জঙ্গি মৃত্যুদণ্ডে দণ্ডিত সালাউদ্দিন সালেহীন ওরফে সানি এবং যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত জাহিদুল ইসলাম ওরফে বোমারু মিজান দ্রুত ধরা পড়বেন বলে প্রতিমন্ত্রী আশাবাদী।
“দুজন পরিকল্পনাকারীকে ধরা হয়েছে। আতঙ্কিত হওয়ার কিছু নেই। পলাতক দুজন যাতে বিদেশে পালাতে না পারে, সেজন্য কঠোর ব্যবস্থা নেয়া হয়েছে। অচিরেই তারা ধরা পড়বে।”
পলাতক দুই জঙ্গিসহ পুলিশের গাড়িতে হামলাকারীরা যাতে পালাতে না পারে, সেজন্য সীমান্তে জারি করা হয়েছে রেড অ্যালার্ট। দুই জঙ্গিকে ধরিয়ে দিতে ইতোমধ্যে ৫ লাখ টাকা করে পুরস্কারও ঘোষণা করা হয়েছে।
তিন জেএমবি নেতাকে একটি মামলায় হাজির করতে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে ময়মনসিংহের আদালতে নেয়া হচ্ছিল, পথে প্রিজন ভ্যানে সশস্ত্র হামলা হয়।
গুরুত্বপূর্ণ বন্দিদের এভাবে নিয়ে যাওয়ার সময় সামনে-পেছনে পুলিশের পাহারা থাকলেও সেদিন তা ছিল না। জঙ্গিরা পুলিশের মোবাইল ফোন ব্যবহার করে বাইরে যোগাযোগ রাখছিল বলেও অভিযোগ উঠেছে।
কারাগারের ভেতরে মোবাইল ব্যবহারের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে প্রতিমন্ত্রী বলেন, “কারাগারে কী হচ্ছে, সব বিষয়ে প্রধানমন্ত্রী জানিয়ে ব্যবস্থা নেয়া হবে।”
ফাঁসির আসামি জঙ্গি রাকিব ‘বন্দুকযুদ্ধে’ নিহত
মামলা নেই, তবু পুলিশ বলছে ‘সন্ত্রাসী’
