২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোকেয়ায় ছাত্রজোটের ৩ দিনের কর্মসূচি ঘোষণা

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বর্ধিত ফি বাতিলের দাবিতে ৪৮ ঘণ্টার ধর্মঘট আগেভাগে শেষ করে তিন দিনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে বাম ছাত্র সংগঠনগুলোর মোর্চা ‘প্রগতিশীল ছাত্রজোট’।  

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2014, 05:26 PM

Updated : 01 Sep 2026, 12:32 PM

সোমবার দুপুরের দিকে জোটের সমন্বয়ক ও সমাজতান্ত্রিক ছাত্রফন্টের বিশ্ববিদ্যালয় সভাপতি আহসান হাবীব ধর্মঘটের সমাপ্তি এবং ৪, ৬ ও ৮ মার্চ নতুন কর্মসূচি ঘোষণা করেন।

হাবীব বলেন, কর্মসূচির মধ্যে রয়েছে মঙ্গলবার ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও প্রাশাসনিক ভবনের সামনে অবস্থান, বৃহস্পতিবার আদায় করা বর্ধিত ফি ফেরতের দাবিতে বিক্ষোভ সমাবেশ এবং শনিবার উপাচার্যের কার্যালয় ঘেরাও।

এরপরও দাবি মেনে না নেয়া হলে কঠোর কর্মসূচি দেয়া হবে বলে হুমকি দেন তিনি।

চলতি শিক্ষাবর্ষে বেতন ৩৫ থেকে ৫০ টাকা, হল সংযুক্তি ফি ১০০০ টাকা এবং অন্যান্য নিয়মিত খাতসহ ১ হাজার ৭০০ টাকা বৃদ্ধির প্রতিবাদে রোববার সকাল থেকে ৪৮ ঘণ্টার  ঘর্মঘট শুরু করেছিলেন আন্দোলনকারীরা। কিন্তু সোমবার দুপুরে ধর্মঘট শেষ করে দেন।

ধর্মঘটের প্রথম দিনে শিক্ষকদের সঙ্গে আন্দোলনকারী ছাত্রদের কথা কাটকাটি হয়। এদিন জোটের ধর্মঘটের মধ্যে একই দাবিতে আরেকদল শিক্ষার্থী ক্যাম্পাসের ভেতরে শহীদ মিনারের সামনে বিক্ষোভ করলে তাদের সঙ্গে ছাত্রলীগ সমর্থকদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইট ছোড়াছুড়ি হয়।

দুই দিনের ছাত্র ধর্মঘটে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা, ক্লাস ও প্রাশাসনিক কার্যক্রম বন্ধ থাকে।

এদিকে, বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য আবু কালাম ফরিদ-উল ইসলাম বলেন, “বেতন বৃদ্ধি করা হয়নি। তবে ব্যয়ভার বেড়ে যাওয়ায় শিক্ষকদের সিদ্ধান্ত অনুযায়ী ২০১৩-১৪ শিক্ষাবর্ষ থেকে ‘কনটিনিউয়াস অ্যাসাইনমেন্ট ফি’ ১৫ টাকা সংযুক্ত করে ৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। আগে হল ছিল না। এবারই প্রথম হল চালু করায় হল সংযুক্তি ফি ১০০০ টাকা নির্ধারণ করা হয়।”